ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

মান্দায় বৃক্ষরোপণ কর্মসূচি ও সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

মান্দা (নওগাঁ) প্রতিনিধি | জুলাই ১, ২০২৬, ০৯:৫২ পিএম মান্দায় বৃক্ষরোপণ কর্মসূচি ও সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নওগাঁর মান্দায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু। একই দিনে তিনি ১ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য একটি গুরুত্বপূর্ণ সড়ক পাকাকরণ কাজেরও উদ্বোধন করেন।

বুধবার (১ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার ১১ নং কালিকাপুর ইউনিয়নের রামপুর মোড়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সড়ক ও জনপথ–চকগৌরী–দামনাস (বাগমারা) সড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এ সময় ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, “গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার অন্যতম হাতিয়ার। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।” তিনি সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ জায়গা থেকে বেশি বেশি গাছ লাগিয়ে পরিচর্যার আহ্বান জানান।

এরপর দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বুড়িদহ দেবীর মোড় থেকে বারিল্লা পর্যন্ত ১ দশমিক ৩ কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন তিনি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ১ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পটি সম্পন্ন হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ সার্বিক যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেন। জানা গেছে, প্রকল্পটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জুঁই ট্রেডার্স। প্রতিষ্ঠানের প্রতিনিধিরা হলেন জুয়েল রানা, তালহা জুবায়ের ও জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, ৮ নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, সাবেক ছাত্রনেতা নুরবক্স মণ্ডল, শিক্ষক নেতা আনিসুর রহমান, নাসির উদ্দিন সরদার, গোলাম সারোয়ার স্বপন, মান্দা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূর এনায়েত মোহাম্মদ নুরুজ্জামান হারুনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালের সমাজ/কে.পি

Link copied!