ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

রাবার বিক্রিতে অনিয়ম ও চাষিদের হয়রানির অভিযোগ

রতন কুমার দে, বান্দরবান | জুন ২৯, ২০২৬, ০৪:২৪ পিএম রাবার বিক্রিতে অনিয়ম ও চাষিদের হয়রানির অভিযোগ

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান রাবার ব্যবস্থাপনা ইউনিট-২ এর জেনারেল ম্যানেজার পিন্টু চাকমা ও ওভারসিয়ার খন্দমনি চাকমার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও চাষিদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন উপকারভোগী চাষি, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও গ্রাম লিডাররা।

সোমবার (২৯ জুন) সকালে বান্দরবান প্রেসক্লাবের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাবার দর যাচাই-বাছাই ও বিক্রয় কমিটির কোনো সভা হচ্ছে না। এতে রাবার বিক্রির হিসাব-নিকাশে অসংগতি সৃষ্টি হয়েছে এবং চাষিরা তাদের ন্যায্য শেয়ার থেকে বঞ্চিত হচ্ছেন।

লিখিত বক্তব্যে আরো দাবি করা হয়, জেনারেল ম্যানেজার পিন্টু চাকমার নির্দেশে ওভারসিয়ার খন্দমনি চাকমা একক সিদ্ধান্তে রাবার প্রক্রিয়াজাত ও বিক্রির কার্যক্রম পরিচালনা করছেন। ডিও লেটার ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই রাবার বিক্রি, অফিসের ৪৬ ড্রাম ফর্মিক (ফরমেট) এসিডের হিসাব না থাকা, শ্রমিক নিয়োগ ও বিল-ভাউচারে অনিয়মের অভিযোগও তোলা হয়।

এছাড়া, অনিয়মের প্রতিবাদ করায় কয়েকজন গ্রাম লিডারকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। একই সঙ্গে উপকারভোগীদের ভিটাবাড়ি ও রাবার বাগানের বন্দোবস্ত দ্রুত সম্পন্ন, উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে রাবার বিক্রি, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা কমিটির সদস্য ও গ্রাম লিডার চাইং শৈ মং, পাই সা থোয়াই, ক্যসানু,  সুকুমার তঞ্চঙ্গ্যা, থুইচিং প্রু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এন এ জাকির, প্রথম আলো প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা সহ উপকারভোগী চাষি ও গ্রাম লিডাররা উপস্থিত ছিলেন।

কালের সমাজ/এসআর

Link copied!