পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আইনশৃঙ্খলা ও সমন্বয় মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩০ জুন ২০২৬ সকাল ১১ টায় ভাঙ্গুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ভাঙ্গুড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি,গণমাধ্যমকর্মী
ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, জননিরাপত্তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আরিফুল ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. হালিমা খানম,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন, ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মো.রায়হান আলী, উপজেলার ছয়টি ইউনিয়ন এর চেয়ারম্যান এবং আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্থিতিশীল রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
একই সঙ্গে জনস্বার্থে ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সকল বক্তারা।
এ সময় বক্তারা বলেন, যুব সমাজকে মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ইউনিয়ন ও বিদ্যালয়ের খেলার মাঠগুলো সংস্কার ও খেলাধুলার পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়, যাতে তরুণরা খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে মাদক থেকে দূরে থাকতে পারে।
এছাড়াও বক্তারা অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যুব সমাজকে সঠিক পথে রাখতে পরিবারকেই সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। সবাইকে একযোগে কাজ করলে মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ ভাঙ্গুড়া গড়ে তোলা সম্ভব হবে।
কালের সমাজ/কে.পি

