জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবি নিয়ে আলোচনার সময় বিরোধী দলের সংসদ সদস্যরা মন্ত্রণালয়ের বাজেট ১ টাকায় নামিয়ে আনার ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন।
মঙ্গলবার এ প্রস্তাবের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, বাজেট ১ টাকায় নামিয়ে আনা হলে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস পরিচালনা করা সম্ভব হবে না। এতে দূতাবাসগুলো বন্ধ করতে হবে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক লাল-সবুজের পতাকা নামিয়ে ফেলতে হবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের জন্য দেওয়া বিভিন্ন ধরনের কনস্যুলার সেবাও বন্ধ হয়ে যাবে।
মন্ত্রী আরও বলেন, জাতিসংঘের সদস্য হিসেবে বাংলাদেশ যে বার্ষিক চাঁদা প্রদান করে, তা পরিশোধ করা সম্ভব হবে না। এর ফলে জাতিসংঘে দেশের সদস্যপদও ঝুঁকির মুখে পড়তে পারে।
তিনি উল্লেখ করেন, বর্তমানের পরিবর্তনশীল ও ভূরাজনৈতিকভাবে জটিল বিশ্বব্যবস্থায় একটি দেশের উন্নয়ন, নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় কার্যকর কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার আগে বাংলাদেশ’ নীতিকে সামনে রেখে সরকার এ বাজেট প্রণয়ন করেছে।
তিনি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের উদাহরণ তুলে ধরে বলেন, দেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জনগণের স্বার্থ সংরক্ষণই এ বাজেটের মূল লক্ষ্য।
কালের সমাজ/এএইচবি

