ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

গুজব-অপপ্রচার রোধে দায়িত্বশীল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের আহ্বান

জেলা প্রতিনিধি, পিরোজপুর | জুন ৩০, ২০২৬, ০৭:৪৮ পিএম গুজব-অপপ্রচার রোধে দায়িত্বশীল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের আহ্বান

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন), গুজব ও অপপ্রচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সাঈদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রযুক্তির বিকাশের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে এর অপব্যবহারের ফলে বিভ্রান্তিকর তথ্য ও গুজব দ্রুত ছড়িয়ে পড়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তাই তথ্য প্রচার বা শেয়ারের আগে এর উৎস ও সত্যতা যাচাই করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

তিনি আরও বলেন, গুজব ও অপপ্রচার প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর এবং সচেতন নাগরিকদের সমন্বিত প্রচেষ্টাই এ চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে।
সভায় পিরোজপুর জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিত চৌধুরী প্রেজেন্টেশনের মাধ্যমে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ও ম্যালইনফরমেশনের ধারণা, এসবের সামাজিক প্রভাব এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য যাচাইয়ের অভ্যাস গড়ে তোলা, অপতথ্য শনাক্তে জনসচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল ডিজিটাল নাগরিক হিসেবে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, গুজব প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী, এনএসআই-এর যুগ্ম পরিচালক মো. মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানি।

কালের সমাজ/কে.পি

 

Link copied!