ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাঙ্গরা বাজারে দীর্ঘদিন যাবত পল্লী বিদ্যুতের একটি খুঁটি হেলে পড়া অবস্থায় আছে। এর ফলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ী ও চলাচলকারীরা।
জানা জানান- খুঁটিটিতে তিনটি ট্রান্স মিটার রয়েছে, ফলে খুঁটিটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ঝড়-বৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগের সময় এটি ভেঙে পড়ে সড়কে চলাচলকারী মানুষ কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি সাধন করতে পারে।
অটোরিক্সা চালক সুমন মিয়া বলেন-ঝুঁকিপূর্ণ এ খুঁটির পাশ দিয়ে যাওয়ার সময় বেশির ভাগ অটোচালক দুর্ঘটনার ভয়ে দ্রুত গাড়ি চালান। দুর্ঘটনার আশঙ্কায় আমরা/চালকরা এই খুঁটির আশেপাশে গাড়ি পার্কিং করতেও ভয় পাই।
বাঙ্গরা বাজারের ব্যবসায়ী মো. আলামিন মিয়া বলেন-"অনেক দিন যাবত খুঁটিটা এ ভাবে হেলে আছে। বিদ্যুৎ অফিস থেকে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ পথ দিয়ে চলাচল করতে ভয় লাগে। স্থানীয় বিভিন্ন স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়ার সময় এই পথ ব্যবহার করেন। যে কোনো সময় খুঁটি পড়ে বড় দুর্ঘটনা হতে পারে। তাই আমরা দ্রুত এটি মেরামত বা নতুন খুঁটি স্থাপনের দাবি জানাচ্ছি।
বাঙ্গরা বাজারের লাইনম্যান মো. বাবু জানান- "বাঙ্গরা বাজারে বিভিন্ন কাজে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে। তাই বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত পদক্ষেপ নেয় এবং সবার নিরাপদ চলাচল নিশ্চিত করে।
এ ব্যাপারে নবীনগর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুল ওয়াদুদ মুঠোফোনে বলেন-হেলে পড়া বৈদ্যুতিক খুঁটির বিষয়টি এর আগে কেউ আমাকে অবগত করেননি। আমি আজকেই জানতে পারলাম। তিনি আরো বলেন- জুন মাসের ক্লোজিং শেষ হলেই দ্রুত সময়ের মধ্যে খুঁটিটি মেরামত বা প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।
কালের সমাজ/কে.পি

