গাজীপুরের শ্রীপুরে বনের সরকারি জমি অবৈধ দখলমুক্ত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বন কর্মকর্তা ও কর্মচারীরা। এই ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় ২ আসামিকে গ্রেপ্তার করেছে। এদিকে, উদ্ভূত পরিস্থিতি ও দুর্ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ. বশির আল মামুন।
বুধবার (১ জুলাই) ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা শ্রীপুরের দুর্ঘটনাস্থলটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হামলায় আহত বন কর্মকর্তা ও কর্মীদের খোঁজখবর নেন এবং সরকারি দায়িত্ব পালনে বাধা ও হামলার তীব্র নিন্দা জানান। পরিদর্শন শেষে ডিএফও মোঃ বশির আল মামুন স্পষ্ট বার্তা দিয়ে বলেন, বনের জমি রক্ষা এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জেনেশুনে বনের জমি দখলকারী এবং হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বন বিভাগ ও পুলিশ সূত্রে জানা গেছে, বনের জমি অবৈধ দখলমুক্ত করার উচ্ছেদ অভিযান চলাকালে দখলদারদের অনাকাঙ্ক্ষিত হামলার শিকার হন ১৬ জন বন কর্মী।
এই ঘটনায় সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগ এনে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করে বন বিভাগ। মামলা দায়েরের পরপরই শ্রীপুর থানা পুলিশ তৎপরতা শুরু করে। গত কাল রাতে উপজেলার বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান চালিয়ে হামলার সাথে জড়িত থাকার অভিযোগে এজাহারনামীয় ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে, মামলার বাকি আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও বনের জমি উদ্ধার ও নিরাপত্তা বজায় রাখতে বন বিভাগ ও স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে।
কালের সমাজ/কে.পি

