ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
কোয়ার্টার ফাইনালের টিকিট কার?

ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে ৫ ভবিষ্যৎদ্বাণী

স্পোর্টস ডেস্ক | জুলাই ৬, ২০২৬, ১২:৪৭ এএম ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে ৫ ভবিষ্যৎদ্বাণী

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে বাংলাদেশ সময় রোববার (৫ জুলাই) দিবাগত রাত ২টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল অভিজ্ঞতা ও ইতিহাসে এগিয়ে থাকলেও, নরওয়ে এবার আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামছে।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে অবশ্য এগিয়ে নরওয়ে। চার দেখায় তারা জিতেছে দুটি ম্যাচ, বাকি দুটি হয়েছে ড্র। অর্থাৎ ব্রাজিল এখনো নরওয়ের বিপক্ষে জয় পায়নি। সর্বশেষ ২০০৬ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল।

তবে অতীতের পরিসংখ্যানকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না বিশ্লেষকরা। বর্তমান স্কোয়াড, নকআউট অভিজ্ঞতা এবং সামগ্রিক শক্তিমত্তার বিচারে শেষ ষোলোর এই ম্যাচে ফেবারিট হিসেবে ধরা হচ্ছে ব্রাজিলকে। অন্যদিকে, আর্লিং হলান্ডের নেতৃত্বে নরওয়েও বড় অঘটন ঘটানোর স্বপ্ন দেখছে।

ব্রাজিল-নরওয়ে ম্যাচে শেষ পর্যন্ত কে জিতবে, তা জানতে এখন অপেক্ষা শুধু মাঠের লড়াইয়ের। এরই মধ্যে বিভিন্ন ক্রীড়া বিশ্লেষক, সুপারকম্পিউটার, বেটিং সংস্থা ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের পূর্বাভাস ঘুরে বেড়াচ্ছে। দেখে নিন, এই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে পাঁচটি আলোচিত ভবিষ্যদ্বাণী।

১. অপটা সুপারকম্পিউটারের পূর্বাভাস : অপ্টার হিসেবে, কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়ে স্পষ্টভাবেই এগিয়ে আছে ব্রাজিল। অপটার ২৫ হাজার ম্যাচ সিমুলেশনে দেখা গেছে, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩.৬ শতাংশ। নরওয়ের জয়ের সম্ভাবনা ২২.৪ শতাংশ, আর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ। সব মিলিয়ে শেষ আটে জায়গা করে নেওয়ার সম্ভাবনা ব্রাজিলের ৬৫.৬ শতাংশ, যেখানে নরওয়ের সম্ভাবনা ৩৪.৫ শতাংশ।

২. বিবিসি স্পোর্টের ফুটবল বিশ্লেষক ক্রিস সাটনের পূর্বাভাস : ক্রিস সাটনের মতে, নির্ধারিত সময় বা অতিরিক্ত সময়ে নয়, টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সাটনের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ২-২ গোলে সমতায় থাকবে। এরপর টাইব্রেকারে নরওয়ে জয় তুলে নিয়ে জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে। তার বিশ্বাস, নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিয়ল্যান্ড টাইব্রেকারে দলের নায়ক হয়ে উঠবেন।

৩. ক্যেতিল রেকডালের ভবিষ্যৎদ্বাণী : ব্রাজিল-নরওয়ের ম্যাচে বেশি চাপে থাকবে ব্রাজিলই, এমনটাই মনে করেন ক্যেতিল রেকডাল। ১৯৯৮ সালে চার বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ইতিহাসের অন্যতম সেরা জয়ে শেষ মুহূর্তের পেনাল্টি থেকে গোল করেছিলেন তিনিই। এই ম্যাচ নিয়ে তার ভবিষ্যদ্বাণী স্পষ্ট, ‘নরওয়ে ২-১ গোলে জিতবে। ফুটবলে ইতিহাস নিজে নিজেই ফিরে আসে। আসলেই এটা প্রায়ই ঘটে।’

রয়টার্সকে রেকডাল বলেন, ‘রোববার সবচেয়ে বেশি চাপে থাকবে ব্রাজিলই।’ তিনি বলেন, দীর্ঘদিন পর নকআউট পর্বে ফেরাটাই নরওয়ের জন্য এই টুর্নামেন্টকে সফল করে তুলেছে, কিন্তু ব্রাজিলের জন্য জয় ছাড়া অন্য কিছুই জাতীয় লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। মার্শেইয়ের স্তাদ ভেলোদ্রমে ১৯৯৮ সালে ৮৯ মিনিটে ঠান্ডা মাথায় পেনাল্টি থেকে গোল করেছিলেন রেকডাল, যা আগেই বাছাই নিশ্চিত করা ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে নরওয়েকে নকআউট পর্বে পৌঁছে দিয়েছিল। তার বিশ্বাস, সেই ফলাফল আর নরওয়ের বিপক্ষে ব্রাজিলের এই না জেতার রেকর্ড এখনও প্রতিপক্ষের মনের কোথাও একটা জায়গায় রয়ে গেছে। তিনি বলেন, ‘সেই ভয়টা সবসময়ই থেকে যাবে, এই আতঙ্ক যে তারা আবারও নরওয়ের কাছে হোঁচট খেতে পারে।’

আর্লিং হালান্ড, মার্টিন ওডেগার্ড ও আন্তোনিও নুসাকে নিয়ে গড়া নরওয়ের নতুন প্রজন্মের কাছে ১৯৯৮ সাল কোনো বোঝা নয়, বরং শুধুই ইতিহাস বলে মনে করেন রেকডাল। তিনি বলেন, ‘আমার মনে হয় না হালান্ড আর ওডেগার্ড ১৯৯৮ সালে নরওয়ের ব্রাজিলকে হারানোর কথা ভাবছে। নিজেদের পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের সমকক্ষ মনে করার জন্য তাদের অতীতের ভূতের দরকার নেই, ইউরোপীয় ক্লাব ফুটবলের একদম শীর্ষে তাদের প্রতিদিনের বাস্তবতাই তাদের সেটা শিখিয়ে দিয়েছে।’

৪. ‘জ্যোতিষী’ বিড়াল মিলুর ভবিষ্যৎদ্বাণী : বিশ্বকাপের ম্যাচের ফলাফল নিয়ে ধারাবাহিকভাবে সঠিক ভবিষ্যদ্বাণী করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছে ‘জ্যোতিষী’ বিড়াল মিলু। একের পর এক ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় ভক্তদের কাছে এটি এখন বেশ পরিচিত নাম। যদিও শনিবার আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে প্রথমবারের মতো তার পূর্বাভাস ভুল প্রমাণিত হয়েছে, তবুও ব্রাজিল-নরওয়ে ম্যাচকে ঘিরে আবারও নতুন ভবিষ্যদ্বাণী দিয়েছে মিলু।

মিলুর মতে, শেষ ষোলোর ম্যাচে নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে ব্রাজিল। মিলুর মালিক নাতান পিনহেইরো জানিয়েছেন, ম্যাচের আগে তিনি দুটি একই ধরনের বাটিতে খাবার রাখেন। প্রতিটি বাটির পেছনে মুখোমুখি দুই দলের পতাকা লাগানো থাকে। এরপর মিলুকে ছেড়ে দেওয়া হলে সে যে বাটি থেকে খাবার খায়, সেই দলকেই সম্ভাব্য বিজয়ী হিসেবে ধরা হয়।

তবে মিলুর এই ভবিষ্যদ্বাণী নিয়ে সমালোচনাও রয়েছে। অনেকের অভিযোগ, মালিক ইচ্ছাকৃতভাবে বিড়ালটিকে নির্দিষ্ট বাটির দিকে পরিচালিত করেন। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন নাতান। তিনি পুরো প্রক্রিয়ার ভিডিও প্রকাশ করে দাবি করেছেন, এতে কোনো ধরনের কারসাজির সুযোগ নেই এবং মিলুই নিজের পছন্দে বিজয়ী দল নির্বাচন করে।

৫. এআই এর ভবিষ্যৎদ্বাণী : পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, নাকি আর্লিং হালান্ডের নরওয়ে—কারা পাবে শেষ আটের টিকিট? ম্যাচটি ঘিরে সমর্থকদের কৌতূহলের শেষ নেই। এমন উত্তেজনার মধ্যেই এ ম্যাচের সম্ভাব্য জয়, গোলসংখ্যা ও গোলদাতাদের নিয়ে পূর্বাভাস দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। ম্যাচটি নিয়ে এআইয়ের বিশ্লেষণে এগিয়ে রয়েছে ব্রাজিল। বিভিন্ন পরিসংখ্যান, সাম্প্রতিক পারফরম্যান্স, স্কোয়াডের শক্তি এবং সম্ভাব্য একাদশ বিবেচনায় ব্রাজিলের জয়ের সম্ভাবনা প্রায় ৫৮ শতাংশ। অন্যদিকে নরওয়ের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ২০ শতাংশ এবং নির্ধারিত ৯০ মিনিটে ড্র হওয়ার সম্ভাবনা ২২ শতাংশ। এআইয়ের সম্ভাব্য স্কোরলাইনও ব্রাজিলের পক্ষেই। পূর্বাভাস অনুযায়ী, ম্যাচটি ২-১ গোলে জিততে পারে ব্রাজিল। সম্ভাব্য গোলদাতার তালিকায় রয়েছেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র ও নেইমার। তাদের একজন করে গোল করার সম্ভাবনা দেখানো হয়েছে। অন্যদিকে নরওয়ের হয়ে একটি গোল করতে পারেন তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। তবে পরিসংখ্যান ব্রাজিলের জন্য কিছুটা সতর্কবার্তাও দিচ্ছে। বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের স্মৃতি সুখকর নয়। অতীতের দেখাগুলোতে নরওয়ে কখনও ব্রাজিলের কাছে হারেনি। তাই কাগজে-কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও মাঠের লড়াই যে কঠিন হবে, সেটি মনে করছেন বিশ্লেষকরাও।

কালের সমাজ/এসআর

Link copied!