ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

ভাঙ্গুড়ায় জমি বিরোধে বিএনপি কর্মীর উপর হামলার অভিযোগ; আহত দম্পতি

ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি, পাবনা | জুলাই ৫, ২০২৬, ০৯:৫১ পিএম ভাঙ্গুড়ায় জমি বিরোধে বিএনপি কর্মীর উপর হামলার অভিযোগ; আহত দম্পতি

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের হাট উধুনিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে এক দম্পতির হামলা, মারধর, ভাঙচুর এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. তৈয়ব আলী।

অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে পৈতৃক জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলে আসছিল। বিষয়টি স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা হলেও তা কার্যকর হয়নি। এরই ধারাবাহিকতায় গত ২ জুলাই ২০২৬ বিকেলে অভিযুক্তরা তার বাড়িতে গিয়ে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে তাকে ও তার স্ত্রীকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। এছাড়া ঘরে থাকা প্রায় ৩ লাখ টাকা নগদ এবং আনুমানিক ৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যের চার ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

হামলায় আহত তৈয়ব আলী ও তার স্ত্রীকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় ছয় জন কে আসামি করে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার  (ওসি) সাকিউল আযম বলেন, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে শনিবার থানায় বসে সালিশ হওয়ার কথা ছিল। এর আগেই এ ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সংবাদে প্রকাশ করা হবে।

কালের সমাজ/কে.পি

Link copied!