ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

ব্রাজিল-নরওয়ে ম্যাচে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ৩ তারকা

স্পোর্টস ডেস্ক | জুলাই ৬, ২০২৬, ১২:৪১ এএম ব্রাজিল-নরওয়ে ম্যাচে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ৩ তারকা

চলমান বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আজ রাতে ব্রাজিল ও নরওয়ে মুখোমুখি হওয়ার আগে মাঠে কেবল জয়ের লক্ষ্য নয়, বরং সতর্ক থাকতে হচ্ছে হলুদ কার্ড নিয়েও। আজকের ম্যাচে কার্ড দেখলে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার ঝুঁকিতে আছেন উভয় দলের তিন তারকা ফুটবলার।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ রাত ২টার ম্যাচে হলুদ কার্ড দেখার ঝুঁকিতে রয়েছেন ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো, ডিফেন্ডার দানিলো এবং নরওয়ের তরুণ বিস্ময় আন্তোনিও নুসা।

জাপানের বিপক্ষে রোমাঞ্চকর জয় পাওয়া ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন কাসেমিরো ও দানিলো। ফলে আজ নরওয়ের আক্রমণ রুখতে গিয়ে তারা যদি আবারও সতর্কবার্তা বা হলুদ কার্ড দেখেন, তবে দল কোয়ার্টার ফাইনালে উঠলে এই দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হতে পারে সেলেসাওদের।

আইভরিকোস্টের বিপক্ষে গোল করা এবং জয়সূচক গোলের অন্যতম কারিগর আন্তোনিও নুসা রয়েছেন নিষেধাজ্ঞার ঝুঁকিতে। প্রথমার্ধে কার্ড দেখা এই তরুণ তুর্কিকে আজকের ম্যাচে অত্যন্ত সংযত হয়ে খেলতে হবে, কারণ তাকে ছাড়া নরওয়ের আক্রমণভাগ বড় ধরনের ধাক্কা খাবে।

বিশ্বকাপে খেলোয়াড়দের নিষেধাজ্ঞার ঝুঁকি কমাতে এবারের আসরে নতুন কার্ড নীতি চালু করেছে ফিফা। নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে প্রাপ্ত হলুদ কার্ডগুলো নকআউট পর্ব শুরুর আগেই মুছে ফেলা (রিসেট) হয়েছে। তবে নকআউট পর্বের ম্যাচে ভিন্ন দুই ম্যাচে দুটি হলুদ কার্ড দেখলে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হয়। এই হিসেবে, যেহেতু শেষ ৩২-এর ম্যাচে কাসেমিরো, দানিলো এবং নুসা কার্ড দেখেছেন, তাই আজকের ম্যাচে কার্ড দেখলে তারা কোয়ার্টার ফাইনালের জন্য নিষিদ্ধ হবেন।

৪৮ দলের অংশগ্রহণে এবারের বিশ্বকাপে নকআউট পর্বে একটি বাড়তি রাউন্ড যোগ হয়েছে। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে যেন তারকা ফুটবলাররা নিষেধাজ্ঞার কারণে বাইরে না থাকেন, সেজন্যই ফিফা এই নীতি গ্রহণ করেছে। তবে আজ রাতেই খেলোয়াড়দের জন্য কঠিন অগ্নিপরীক্ষা—একদিকে আক্রমণ থামানো, অন্যদিকে কার্ড এড়িয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করা।

আজকের এই স্নায়ুচাপের ম্যাচে নিজ দলের জয়ের পাশাপাশি কাসেমিরো, দানিলো এবং নুসা কতটুকু সংযত থাকতে পারেন, তা দেখার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব।

কালের সমাজ/এসআর

Link copied!