কিশোরগঞ্জের কটিয়াদীতে দ্রুতগামী অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় মো. শান্তু মিয়া (৬৫) নামে এক পথচারীর নিহত হয়েছে। তিনি পৌর এলাকার পশ্চিম চড়িয়াকোনা গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (৭ জুলাই) সকালে পৌর এলাকার চড়িয়াকোনা কাঠমহাল-সংলগ্ন কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন শান্তু মিয়াকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, ঠিক কোন ধরনের যানবাহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কালের সমাজ/কে.পি

