ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে

চার মাসে কাজ শেষের নির্দেশ প্রধানমন্ত্রীর

আমিনুল হক ভূইয়া | জুলাই ৮, ২০২৬, ০৬:৩৮ পিএম চার মাসে কাজ শেষের নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি সংগ্রহ

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট, অব্যবস্থাপনা ও গণপরিবহন সংকট নিরসনে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। রাজধানীর অন্যতম ব্যস্ত সায়েদাবাদ বাস টার্মিনাল সরিয়ে কাঁচপুরে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী চার মাসের মধ্যেই নতুন টার্মিনাল নির্মাণের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকার পূর্বাঞ্চলের ট্রাফিক ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসবে এবং গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে।

বুধবার (৮ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে কাঁচপুরে নতুন বাস টার্মিনালের অবকাঠামো নির্মাণের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন বিবেচনায় সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর তত্ত্বাবধানে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড নির্মাণকাজ সম্পন্ন করবে।

প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৮৮ লাখ ২ হাজার ৫৩২ টাকা। এর আওতায় প্রায় ৪ হাজার ১২ বর্গমিটার প্ল্যাটফর্ম ঢালাই ও টাইলস স্থাপন, ১৫ হাজার ৫৭৩ কেজি প্রোফাইল শিট দিয়ে শেড নির্মাণ, ১২০টি টিকিট কাউন্টার, ৩২টি টয়লেট, অফিস কক্ষ, পার্টিশন এবং অন্যান্য প্রয়োজনীয় আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ করা হবে। স্থানীয় সরকার বিভাগ ইতোমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে নির্ধারিত সময়ের মধ্যে টার্মিনালটি ব্যবহার উপযোগী করতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের নির্দেশনা দিয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাজধানীর যানজট কমানো, আন্তঃজেলা বাস চলাচলে শৃঙ্খলা আনা এবং আধুনিক গণপরিবহন ব্যবস্থাপনা গড়ে তোলাই এই স্থানান্তরের মূল উদ্দেশ্য। নতুন টার্মিনাল চালু হলে সায়েদাবাদ এলাকায় বাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় অনিয়ন্ত্রিতভাবে যাত্রী ওঠানামার প্রবণতাও নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছিলেন, বিদ্যমান বাস টার্মিনালগুলোর পরিবেশ মানসম্মত নয়। পরিকল্পনা অনুযায়ী সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে এবং গাবতলী বাস টার্মিনাল হেমায়েতপুরে স্থানান্তর করা হবে। পাশাপাশি রাজধানীতে উন্নতমানের বাস পরিচালনার জন্য আধুনিক ও সুশৃঙ্খল টার্মিনাল ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে এলোমেলোভাবে বিভিন্ন স্থান থেকে বাস পরিচালনার সুযোগ না থাকে।

উল্লেখ্য, ১৯৮৪ সালে তৎকালীন সরকারের বিকেন্দ্রীকরণ পরিকল্পনার অংশ হিসেবে ফুলবাড়িয়া বাস টার্মিনালকে ভাগ করে সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী এই তিনটি বাস টার্মিনাল গড়ে তোলা হয়। চার দশকের ব্যবধানে রাজধানীর বিস্তৃতি, যানবাহনের সংখ্যা এবং যাত্রীচাপ বহুগুণ বেড়ে যাওয়ায় সায়েদাবাদ টার্মিনাল এখন নগরীর অন্যতম বড় যানজটের কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে। ফলে কাঁচপুরে নতুন টার্মিনাল নির্মাণের সিদ্ধান্তকে রাজধানীর পরিবহন ব্যবস্থার আধুনিকায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

কালের সমাজ /এইচবি 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!