দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও মিসরের ঐতিহাসিক গিজার পিরামিডে গান গাইতে আসছেন কলম্বিয়ান পপ সুপারস্টার শাকিরা। আগামী ২৮ নভেম্বর ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে একটি জমকালো কনসার্টে পারফর্ম করবেন তিনি। ২০০৭ সালে একই ভেন্যুতে পারফর্ম করার পর মিসরে এটিই হতে যাচ্ছে তার প্রথম কোনো শো।
মধ্যপ্রাচ্যের বিনোদনধর্মী প্রতিষ্ঠান ‘ভেঞ্চার লাইফস্টাইল’ এই বিশেষ কনসার্টটি আয়োজন করতে যাচ্ছে।
ভেঞ্চার লাইফস্টাইল এর আগে জেনিফার লোপেজ, জন লেজেন্ড, কেটি পেরি এবং ডেমি লোভাটোর মতো বিশ্বখ্যাত তারকাদের মধ্যপ্রাচ্যের মঞ্চে নিয়ে এসেছে। শাকিরার এই প্রত্যাবর্তন মূলত তার সাম্প্রতিক ‘লাস মুজেরেস ইয়া নো ইয়োরান’ অ্যালবামের ধারাবাহিকতায় বিশ্ব সফরের অংশ হিসেবে ঘটছে।
তিন দশকেরও বেশি সময় ধরে সংগীতজগতে রাজত্ব করা শাকিরা বিশ্বজুড়ে সাড়ে ৯ কোটিরও বেশি রেকর্ড বিক্রি করেছেন। একাধিক গ্র্যামি এবং লাতিন গ্র্যামিজয়ী এই তারকা বিশ্বমঞ্চে লাতিন সংগীতের সবচেয়ে সফল আইকনদের একজন।
সম্প্রতি তার নতুন গান ‘দাই দাই’ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল ট্র্যাক তালিকায় জায়গা করে নিয়েছে।
মিসরে এই কনসার্টের বিষয়ে এক বিবৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করে শাকিরা বলেন, মিসরের গিজা পিরামিডে পারফর্ম করতে যাওয়ার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। একইসঙ্গে ভক্তদের প্রতি নিজের ভালোবাসাও প্রকাশ করেন এই পপতারকা।
কালের সমাজ/কে.পি

