শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিনভর সড়ক অবরোধ শেষে মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা জানান, রাতের মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের ঘোষণা না এলে বুধবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করা হবে।
দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন এবং পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি উত্থাপন করেন।
দিনের কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান। সেখান থেকে তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ভবনের সামনে অবস্থান নেন। পরে বিকেলে আবার সায়েন্সল্যাব মোড়ে ফিরে বিক্ষোভ চালিয়ে যান। একই সময়ে জাতীয় সংসদ ভবনের সামনেও একদল শিক্ষার্থী অবস্থান কর্মসূচি পালন করেন।
কালের সমাজ/ওজি

