পবিত্র আশুরা উপলক্ষে শোক, শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীর পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল শুরু হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার পর আনুষ্ঠানিকভাবে মিছিলটি শুরু হয়। ভোর থেকেই ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত শিয়া মুসলিম হোসেনি দালানে সমবেত হন।
মিছিলটি হোসেনি দালান থেকে যাত্রা শুরু করে আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট ও সায়েন্সল্যাব এলাকা অতিক্রম করে ধানমন্ডিতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশকে কালো পোশাকে দেখা যায়। তাদের হাতে প্রতীকী আলাম, পতাকা, নিশান এবং ধর্মীয় প্রতীক বহন করতে দেখা গেছে, যা কারবালার শোক ও স্মৃতির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।
তাজিয়া মিছিলকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ, র্যাব, সেনাবাহিনী, সোয়াত, ফায়ার সার্ভিস এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ট্রাফিক পুলিশ মিছিলের রুটজুড়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছে।
ইসলামের ইতিহাস অনুযায়ী, হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে গিয়ে শাহাদত বরণ করেন। মুসলিম বিশ্বে কারবালার এই ঘটনা আত্মত্যাগ, ন্যায় প্রতিষ্ঠা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের অনন্য প্রতীক হিসেবে বিবেচিত।
পবিত্র আশুরা উপলক্ষে প্রতি বছর শিয়া সম্প্রদায় বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করে থাকে, যার মধ্যে তাজিয়া মিছিল অন্যতম।

