ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

পবিত্র আশুরা আজ

ধর্ম ডেস্ক | জুন ২৬, ২০২৬, ০৯:৫০ এএম পবিত্র আশুরা আজ

আজ পবিত্র আশুরা। মুসলিম উম্মাহর কাছে দিনটি ধর্মীয়, ঐতিহাসিক ও শোকাবহ তাৎপর্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালন করা হচ্ছে।

ইসলামের ইতিহাস অনুযায়ী, হিজরি ৬১ সনের ১০ মহররম ইরাকের কারবালা প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্য ও সঙ্গীরা সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে গিয়ে শাহাদত বরণ করেন। কারবালার এই আত্মত্যাগ মুসলিম বিশ্বে সত্য, ন্যায় ও আদর্শের সংগ্রামের চিরন্তন প্রতীক হিসেবে বিবেচিত।

পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা হজরত ইমাম হোসাইন (রা.), তাঁর পরিবারের সদস্য এবং কারবালার সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগের আদর্শ অনুসরণের আহ্বান জানান।

দিনটি উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিরা নফল রোজা পালন, পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া, জিকির ও নফল ইবাদতের মাধ্যমে সময় অতিবাহিত করছেন। দেশের বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে আলোচনা সভা, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অন্যদিকে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল ও অন্যান্য ধর্মীয় কর্মসূচি পালনের আয়োজন করা হয়েছে। জননিরাপত্তার স্বার্থে তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র বহন, আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

Link copied!