রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে এখনো স্বস্তি ফেরেনি। আগের সপ্তাহের তুলনায় বড় ধরনের মূল্য পরিবর্তন না হলেও মাছ, মুরগি ও অধিকাংশ সবজির উচ্চমূল্যের কারণে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত ক্রেতারা চাপে রয়েছেন।
শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর উত্তরা সমবায় বাজার ঘুরে দেখা যায়, মুরগির দাম আগের সপ্তাহের মতোই রয়েছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৬০ থেকে ১৬৫ টাকা, সোনালি ৩০০ টাকা, লেয়ার ৩৪০ থেকে ৩৫০ টাকা এবং দেশি মুরগি ৬০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে কেনাকাটা করতে আসা একাধিক ক্রেতা জানান, সীমিত বাজেটে সংসার চালানো ক্রমেই কঠিন হয়ে পড়ছে। মাছ ও মাংস কেনার ক্ষেত্রে আগের তুলনায় আরও হিসাব করে চলতে হচ্ছে।
অন্যদিকে গরু ও খাসির মাংসের বাজারে তুলনামূলক স্থিতিশীলতা দেখা গেছে। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসি বা ছাগলের মাংস ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজারেও দাম বেশ চড়া। আকারভেদে ইলিশ মাছের দাম কেজিপ্রতি ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৭০০ টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন, সরবরাহ থাকলেও বেশি দামের কারণে অনেক ক্রেতা ছোট আকারের ইলিশ কিনছেন।
এ ছাড়া পাঙ্গাস ২০০ টাকা, বড় রুই ৩০০ থেকে ৩৫০ টাকা, মাঝারি রুই ২৫০ থেকে ২৭০ টাকা, কাতলা ২৫০ থেকে ৩৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৬০০ টাকা, গলদা চিংড়ি ৬৫০ থেকে ৭৫০ টাকা এবং শিং মাছ ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ছোট মাছের মধ্যে কাঁচকি ৩০০ টাকা এবং মলা মাছ ২৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। সামুদ্রিক মাছের মধ্যে সুরমা ৩০০ টাকা, রুপচাঁদা ৬০০ থেকে ৮০০ টাকা, লাল কোরাল ৫০০ থেকে ৬০০ টাকা এবং বাটা মাছ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবজির বাজারেও তেমন স্বস্তি নেই। অধিকাংশ সবজিই ৫০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। ঢেঁড়শ, পটল, ঝিঙ্গা, করলা ও চিচিঙ্গা কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা এবং কাঁচকলা প্রতি হালি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা, কাঁচা পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, গাজর ১০০ থেকে ১২০ টাকা, কচুর লতি ৭০ টাকা এবং শিম ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে দাম কমেনি। ফলে খুচরা পর্যায়ে কম দামে পণ্য বিক্রির সুযোগও নেই।
এদিকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারে মোটা চাল, খোলা সয়াবিন তেল, আমদানি করা রসুন, হলুদ, আদা, ব্রয়লার মুরগি, বেগুন, আলু, দেশি পেঁয়াজ, দেশি রসুন, কাঁচামরিচ ও শসার দাম বেড়েছে। তবে অন্যান্য নিত্যপণ্যের দাম অপরিবর্তিত রয়েছে।

