ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন মেসি

স্পোর্টস ডেস্ক | জুলাই ২৬, ২০২৬, ১২:১৮ পিএম নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন মেসি

মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মে বড় ধরনের পরিবর্তন আসায় নিশ্চিত শাস্তির হাত থেকে বেঁচে গেলেন ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি। গতবছর অল-স্টার ম্যাচে অনুমতি ছাড়া সরে দাঁড়ানোয় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি। তবে এমএলএসের নতুন নীতিমালার বদৌলতে এবার কোনো ধরনের নিষেধাজ্ঞা বা জরিমানার মুখে পড়তে হচ্ছে না আর্জেন্টাইন অধিনায়ককে।

বিশ্বকাপ শেষে খেলোয়াড়দের বিশ্রাম নিশ্চিত করতে একটি সমঝোতায় পৌছেছে এমএলএস ও এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। নতুন সমঝোতা অনুযায়ী, বিশ্বকাপ শেষে খেলোয়াড়দের বিশ্রাম ও প্রতিযোগিতায় ফেরার সময়সূচি এখন থেকে ক্লাব ও খেলোয়াড়ের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে। সেই চুক্তির আওতাতেই পূর্বানুমতি নিয়ে আসন্ন অল-স্টার ম্যাচ থেকে অব্যাহতি পেয়েছেন মেসি।

একই কারণে ইন্টার মায়ামির আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলও আনুষ্ঠানিক অনুমতি নিয়েই অল-স্টার ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে আগামী বুধবার নর্থ ক্যারোলাইনার শার্লটে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে এমএলএস অল-স্টার ও লিগা এমএক্স অল-স্টারদের মধ্যকার ম্যাচে এই দুই আর্জেন্টাইন তারকা না খেললেও কোনো শাস্তির মুখে পড়বেন না।

এই সিদ্ধান্তের ফলে টানা তৃতীয়বারের মতো এমএলএস অল-স্টার দলে নির্বাচিত হয়েও মাঠে নামা হচ্ছে না মেসির। এর আগে ২০২৪ সালে চোটে এবং ২০২৫ সালে নিষেধাজ্ঞার কারণে ম্যাচটি মিস করেছিলেন রেকর্ড আটবারের ব্যালন ডি‍‍`অর জয়ী এই মহাতারকা।

এদিকে মেসি, রদ্রিগো ডি পল, হুগো কুইপার্স এবং এমবেকেজেলি এমবোকাজি অনুপস্থিত থাকায় এমএলএস অল-স্টার স্কোয়াডে চারজন নতুন ফুটবলারকে দলে অন্তর্ভুক্ত করেছে। তারা হলেন—ইয়ানিক ব্রাইট (ইন্টার মায়ামি), আন্দ্রেস কুবাস (ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস), গিলের্মে (হিউস্টন ডায়নামো) এবং ফিলিপ জিনকারনাগেল (শিকাগো ফায়ার)।

কালের সমাজ/এসআর

Link copied!