ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত তুমব্রুতে জেলা বিএনপির ত্রাণ বিতরণ

নাইক্ষ্যংছড়ি | জুলাই ২১, ২০২৬, ০৮:০৬ পিএম পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত তুমব্রুতে জেলা বিএনপির ত্রাণ বিতরণ

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকায় পাহাড়ধস ও বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বান্দরবান জেলা বিএনপি। মঙ্গলবার (২১ জুলাই) জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেন।

সাম্প্রতিক টানা বর্ষণ, পাহাড়ধস এবং বন্যার পানিতে প্লাবিত হয়ে অনেক পরিবারের ঘরবাড়ি ও প্রয়োজনীয় মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ হিসেবে এই ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

ত্রাণ বিতরণকালে জাবেদ রেজা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, জেলা বিএনপির সদস্য আরেফউল্লাহ ছুট্রো, জেলা বিএনপি নেতা এম আইয়ুব খান, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাহাদুর, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুরুল আবছার সোহেল, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কায়ছার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুল হক জিয়া, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাচ্চু, সদর উপজেলা জাসাসের আহ্বায়ক মোহাম্মদ বেলালসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ত্রাণ পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগের এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য জেলা বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!