ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে উপযুক্ত সময়ে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র উপদেষ্টা

কালের সমাজ ডেস্ক | জুন ২০, ২০২৬, ০৭:৪৪ পিএম জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে উপযুক্ত সময়ে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, জাতীয় স্বার্থ, সময় ও পরিস্থিতি অনুকূল হলে এবং প্রয়োজন দেখা দিলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন। শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশ এখন একটি পূর্ণাঙ্গ সার্বভৌম পররাষ্ট্রনীতি অনুসরণ করছে এবং বিদেশ সফরের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে জাতীয় স্বার্থ ও দ্বিপাক্ষিক প্রয়োজনের ভিত্তিতে নেওয়া হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র, চীন, ভারত বা মধ্যপ্রাচ্য-যেখানেই সফরের প্রয়োজন হবে, বাংলাদেশ নিজস্ব সিদ্ধান্তেই সেখানে যাবে। কোনো দেশ বা বাহ্যিক শক্তি বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করবে না। জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার হিসেবে বাংলাদেশ স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অর্জন করেছে বলেও তিনি উল্লেখ করেন।

হুমায়ুন কবিরের মতে, বর্তমানে বাংলাদেশ ওয়াশিংটন, বেইজিং, ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছে। তিনি দাবি করেন, শক্ত রাজনৈতিক বৈধতার কারণে সরকার এখন আন্তর্জাতিক অঙ্গনে আরও দৃঢ় অবস্থান থেকে আলোচনা ও দর-কষাকষি করতে পারছে।

তিনি আরও জানান, মালয়েশিয়া ও চীন সফর পরিকল্পিতভাবে নির্ধারণ করা হয়েছে। মালয়েশিয়া সফরে আসিয়ান সদস্যপদ ও শ্রমবাজারসংক্রান্ত বিষয় গুরুত্ব পাবে, আর চীন সফরে উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হবে। সফরসঙ্গীর সংখ্যা প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করা হয়েছে এবং বিদেশ সফরের ব্যয়ও প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে যাচাই-বাছাই করে অনুমোদন দেওয়া হয়।

এছাড়া বিদেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারকে বর্তমান সরকারের অন্যতম শীর্ষ অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে যৌথভাবে কাজ চলছে।

কালের সমাজ/এএইচবি 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!