আপনার কি মনে আছে প্রথম ফিফা বিশ্বকাপ ম্যাচটি কবে খেলা হয়েছিল? ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ১৯৩০ সালের ১৩ই জুলাই। উদ্বোধনী টুর্নামেন্টের প্রথম দিনে একই সাথে দুটি ম্যাচ শুরু হয়েছিল। একটিতে ফ্রান্স মেক্সিকোকে ৪-১ গোলে পরাজিত করে, অন্যটিতে যুক্তরাষ্ট্র বেলজিয়ামকে ৩-০ গোলে হারায়।
১৯৩০ থেকে ২০২৬ সাল পর্যন্ত, অগণিত মুহূর্ত ও মাইলফলকের মধ্য দিয়ে এক দীর্ঘ যাত্রার পর, বিশ্বকাপ এখন তার ১,০০০তম ম্যাচের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। ফিফা বিশ্বকাপের ইতিহাসে আরও একটি ঐতিহাসিক মাইলফলক অর্জিত হতে চলেছে। আগামী শনিবার, ২০শে জুন, মন্টেরের স্টেডিয়ামে জাপান ও তিউনিসিয়ার মধ্যকার ম্যাচটি ফিফা বিশ্বকাপের ইতিহাসে ১,০০০তম ম্যাচ হতে চলেছে।
এশিয়া ও আফ্রিকার এই দুই দল শুধু গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচই খেলবে না, বরং ফুটবলের বৈশ্বিক বিস্তার ও আধুনিক যুগে বিশ্বকাপের অন্তর্ভুক্তিমূলক চরিত্রেরও প্রতীক হয়ে উঠবে।
তিউনিসিয়ার অধিনায়ক এলিয়েস স্কিরি বলেন, ‘বিশ্বকাপের ১,০০০তম ম্যাচে অংশ নেওয়া সত্যিই প্রতীকী একটি মুহূর্ত। এই প্রতিযোগিতার ইতিহাস, সেরা ম্যাচ ও সেরা খেলোয়াড়দের কথা মনে করিয়ে দেয় এটি ।
জাপানের কোচ হাজিমে মোরিয়াসু বলেন, ‘এত দীর্ঘ ও সমৃদ্ধ ইতিহাসের টুর্নামেন্টে ১,০০০তম ম্যাচে অংশ নিতে পারা আমাদের জন্য বড় সম্মান। এটি এশিয়ার প্রতিনিধিত্ব করারও গর্বের বিষয়।’
আগে যেখানে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা ছিল সীমিত, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২০০-এর বেশি ফেডারেশন পর্যন্ত। প্রথম বিশ্বকাপে অংশ নিয়েছিল ১৩ দেশ। ২০২৬ বিশ্বকাপে এই অংশগ্রহণ বাড়িয়ে ৪৮ দল করা হয়েছে, যা ফুটবলের আরও বিস্তৃত বিকাশের অংশ।
স্কিরি আরও বলেন, ‘গত কয়েক বছরে ফুটবল অনেক এগিয়েছে। নতুন প্রতিযোগিতা ও সুযোগের মাধ্যমে বিভিন্ন দেশের খেলোয়াড়রা বিশ্বমঞ্চে নিজেদের দেখানোর সুযোগ পাচ্ছে।’
কালের সমাজ/ওজি

