ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশ হকি দলের প্রথম অধিনায়ক আব্দুস সাদেক আর নেই

ক্রীড়া প্রতিবেদক | জুন ২০, ২০২৬, ০১:২৫ পিএম বাংলাদেশ হকি দলের প্রথম অধিনায়ক আব্দুস সাদেক আর নেই

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম কিংবদন্তি, জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক আব্দুস সাদেক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর শনিবার (২০ জুন) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের সদস্যরা জানান, আজ সকাল ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সাদেকের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্বাধীন বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে আব্দুস সাদেক একটি উজ্জ্বল নাম। স্বাধীনতার আগে তিনি পাকিস্তান জাতীয় হকি দলের প্রতিনিধিত্ব করেন। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের হয়ে খেলেন এবং জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক হিসেবে ইতিহাসে নিজের নাম লেখান। তার নেতৃত্বেই ১৯৭৮ সালে ব্যাংকক এশিয়ান গেমসে অংশ নেয় বাংলাদেশ হকি দল। আন্তর্জাতিক পর্যায়ে সেটিই ছিল বাংলাদেশের হকির প্রথম বড় আসর।

হকির পাশাপাশি ফুটবল ও ক্রিকেটেও সমান দক্ষতা দেখিয়েছেন আব্দুস সাদেক। দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন আবাহনীর সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। ১৯৭২ সালে গঠিত আবাহনী ফুটবল দলের প্রথম অধিনায়ক ছিলেন তিনি। সত্তর ও আশির দশকে একসঙ্গে ফুটবল ও হকি দুই খেলাতেই দাপটের সঙ্গে খেলেছেন তিনি, যা দেশের ক্রীড়াঙ্গনে বিরল কৃতিত্ব হিসেবে বিবেচিত হয়।

শুধু খেলোয়াড় হিসেবেই নয়, একজন সংগঠক ও ক্রীড়া প্রশাসক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আব্দুস সাদেক। খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পরও দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সক্রিয় ছিলেন তিনি। বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৬ সালে তাকে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত করা হয়।

আব্দুস সাদেকের ক্রীড়াজীবনের পেছনে পারিবারিক প্রেরণাও ছিল গুরুত্বপূর্ণ। তার বাবা অ্যাডভোকেট আব্দুস সোবহান ব্রিটিশ আমলের একজন খ্যাতনামা সাঁতারু ছিলেন। পরিবারের সেই ক্রীড়াপ্রেমী পরিবেশ থেকেই দেশের ক্রীড়াঙ্গনে তার দীর্ঘ ও সফল পথচলার সূচনা।

আব্দুস সাদেকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এক শোকবার্তায় তিনি বলেন, আব্দুস সাদেকের মৃত্যুতে বাংলাদেশের ক্রীড়াঙ্গন এক অনন্য অভিভাবক ও প্রকৃত কিংবদন্তিকে হারাল। তিনি একাধারে ফুটবল ও হকি দুই অঙ্গনেই সমান উজ্জ্বল ছিলেন। স্বাধীন বাংলাদেশের প্রথম হকি অধিনায়ক এবং আবাহনী ফুটবল দলের প্রথম অধিনায়ক হিসেবে দেশের ক্রীড়া ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। খেলোয়াড়ি জীবনের পর সংগঠক ও প্রশাসক হিসেবেও তিনি ছিলেন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।

প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আব্দুস সাদেকের প্রথম জানাজা আজ বাদ আসর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের বায়তুস সোবহান জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বনানী ওল্ড ডিওএইচএস মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের এক স্বর্ণালি অধ্যায়ের নাম আব্দুস সাদেক। ফুটবল ও হকি দুই অঙ্গনেই তার অবদান দেশের ক্রীড়াপ্রেমীদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

কালের সমাজ/এসআর

Link copied!