ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

অস্ট্রিয়া ম্যাচের আগে ছিটকে গেল আর্জেন্টিনার তারকা খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক | জুন ২০, ২০২৬, ১২:৩৬ পিএম অস্ট্রিয়া ম্যাচের আগে ছিটকে গেল আর্জেন্টিনার তারকা খেলোয়াড়

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েলকে পাচ্ছে না লিওনেল স্কালোনির দল। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকা এই রাইট ব্যাক শেষ কয়েকদিনের অনুশীলনে পুরোপুরি অংশ নিতে পারেননি।

দলীয় সূত্র ও টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে জানা গেছে, তার পরিবর্তে অস্ট্রিয়ার বিপক্ষে ডান প্রান্তের রক্ষণভাগে শুরু থেকে দেখা যেতে পারে নাহুয়েল মলিনাকে। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধেই তাকে মাঠে নামিয়েছিল আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট।

তবে মন্টিয়েলের চোটকে গুরুতর হিসেবে দেখা হচ্ছে না। আর্জেন্টিনা শিবিরের আশা, তিনি হালকা অনুশীলনের মাধ্যমে দ্রুত সেরে উঠে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে মাঠে ফিরতে পারবেন।

এর আগে থেকেই কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন এই ডিফেন্ডার। বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেয়ার সময়ও এক পায়ের হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ছিলেন তিনি, পরে ক্লাব ফুটবল ও জাতীয় দলের প্রস্তুতি ম্যাচেও কিছু অংশ মিস করতে হয়েছিল তাকে।

দলের কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনায় এই পরিবর্তন ছাড়া বড় ধরনের রদবদলের সম্ভাবনা খুবই কম। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে জয় পাওয়ায় আত্মবিশ্বাসী আর্জেন্টিনা এই ম্যাচেও মূল একাদশ ধরে রাখার দিকেই এগোচ্ছে।

গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিতে পারলে আগেভাগেই নকআউট নিশ্চিত করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী সোমবার (২২ জুন) ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা।

কালের সমাজ/এসআর

Link copied!