ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

মুকসুদপুরে কোকো স্মৃতি আন্তঃ ইউনিয়ন টুর্নামেন্ট ঘিরে নতুন স্বপ্ন

মুকসুদপুর প্রতিনিধি, গোপালগঞ্জ | জুন ২৫, ২০২৬, ০৫:১৩ পিএম মুকসুদপুরে কোকো স্মৃতি আন্তঃ ইউনিয়ন টুর্নামেন্ট ঘিরে নতুন স্বপ্ন

দীর্ঘদিন পর আবারও ফুটবলের উচ্ছ্বাসে মুখর হতে যাচ্ছে গোপালগঞ্জের মুকসুদপুর। গ্রামীণ জনপদে হারিয়ে যেতে বসা ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনা, তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখা এবং নতুন প্রতিভা খুঁজে বের করার প্রত্যয়ে শুরু হচ্ছে "আরাফাত রহমান কোকো স্মৃতি মুকসুদপুর আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬"।

বুধবার (২৪ জুন) বিকেলে মুকসুদপুর মিনি স্টেডিয়াম চত্বরে উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সেখানে টুর্নামেন্টের বিভিন্ন দিক তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইফুল ইসলাম পান্নু।
তিনি বলেন, মুকসুদপুরের ক্রীড়াপ্রেমী মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায় এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, আগামী ৩ জুলাই মুকসুদপুর মিনি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মোচনা ইউনিয়ন ও খান্দারপাড়া ইউনিয়ন। উপজেলার সব ইউনিয়ন এবং পৌরসভা দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে প্রতিটি ম্যাচকে ঘিরে থাকবে উৎসবমুখর পরিবেশ। খেলার মাঠে শৃঙ্খলা বজায় রাখা এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পুলিশ প্রশাসন, আনসার ভিডিপি বাহিনী ও স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করবে বলে জানানো হয়।

টুর্নামেন্টের পুরস্কারও আকর্ষণীয়। চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের জন্য রয়েছে ট্রফির পাশাপাশি মোটরসাইকেল ও ফ্রিজ । এছাড়া প্রতি ম্যাচে ‍‍`ম্যান অব দ্য ম্যাচ‍‍` এবং টুর্নামেন্ট শেষে ‍‍`ম্যান অব দ্য টুর্নামেন্ট‍‍`, ‍‍`সর্বোচ্চ গোলদাতা‍‍` ও ‍‍`সেরা গোলকিপার‍‍` নির্বাচিত খেলোয়াড়দের জন্য বিশেষ সম্মাননা ও পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল কাইয়ুম মুন্সীসহ স্থানীয় ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটির মতে, এই আয়োজন শুধু বিনোদনের জন্য নয়; বরং মুকসুদপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে সম্ভাবনাময় ফুটবলারদের খুঁজে বের করার একটি কার্যকর প্ল্যাটফর্ম। টুর্নামেন্ট শেষে নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে জেলা পর্যায়ে প্রতিযোগিতার উপযোগী একটি শক্তিশালী দল গঠনের পরিকল্পনাও রয়েছে।

 

কালের সমাজ/কে.পি

Link copied!