ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

‘মাঠের এই পারফরম্যান্স আসলে এক ধরনের প্রকৃতির বিচার’

স্পোর্টস ডেস্ক | জুলাই ৭, ২০২৬, ১২:২৯ পিএম ‘মাঠের এই পারফরম্যান্স আসলে এক ধরনের প্রকৃতির বিচার’

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে বিদায় করেছে বেলজিয়াম। জয়ের পর ফিফার বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আবারও কথা বলেছেন দলটির মিডফিল্ডার নিকোলাস রাসকিন। তার মতে, মাঠের এই পারফরম্যান্স আসলে এক ধরনের প্রকৃতির বিচার।

শেষ বত্রিশের ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড পেয়েছিলেন বালোগুন। সাধারণত লাল কার্ড দেখলে পরের ম্যাচে স্বয়ংক্রিয়ভাবেই এক ম্যাচের নিষেধাজ্ঞা থাকে। তবে ফিফা তাদের ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর ধারা অনুযায়ী সেই নিষেধাজ্ঞা স্থগিত করে। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানানোর পরই এমন সিদ্ধান্ত আসে।

অবশ্য ইনফান্তিনো দাবি করেছেন, ফিফার বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন ও স্বায়ত্তশাসিত উপায়ে কাজ করে। তিনি ট্রাম্পকে জানিয়েছিলেন, বালোগুনের বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। পরবর্তীতে ফিফার ডিসিপ্লিনারি কমিটি জানায়, এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করার পূর্ণ এখতিয়ার তাদের রয়েছে।

ফিফার এই বিতর্কিত সিদ্ধান্ত বিশ্বজুড়ে তীব্র সমালোচনার জন্ম দেয়। বেলজিয়াম ফুটবল ফেডারেশনও ম্যাচ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে বালোগুনের খেলার যোগ্যতা নিয়ে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছিল, যদিও তা সফল হয়নি।

তবে মাঠের লড়াইয়ে এই সমস্ত বিতর্ককে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম। চার্লস ডি কেটেলারের জোড়ার সঙ্গে হান্স ভানাকেন ও রোমেলু লুকাকুর গোলে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে তারা কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।

ম্যাচ শেষে সাংবাদিকদের রাসকিন বলেন, ‘আমি সবসময়ই বিশ্বাস করি, জীবনে কোথাও না কোথাও একটা সুবিচার থাকেই। এমন একটা ঘটনা ঘটার পর আপনি বিষয়টিকে যেকোনোভাবে আড়াল করার চেষ্টা করতে পারেন, তবে আমাদের কাছে এটা মোটেও ন্যায্য মনে হয়নি।’

তিনি আরও বলেন, ‘আজকের এই জয় আমাদের জন্য কিছুটা সৌভাগ্যও বয়ে এনেছে। আমাদের যেকোনো মূল্যে ম্যাচটা জিততে হতো এবং মাঠের পারফরম্যান্স দিয়েই আমরা আমাদের বার্তাটা দিয়ে দিয়েছি।’

শুক্রবার লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। মঙ্গলবার রাতে পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে স্প্যানিশরা। স্পেন ও বেলজিয়াম ম্যাচের বিজয়ী সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স বা মরক্কোর।

কালের সমাজ/এসআর

Link copied!