ঝালকাঠির নলছিটি উপজেলায় ৫ বছরের কন্যা শিশুকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক মা।
শুক্রবার (১০ জুলাই) রাতে নলছিটি ফেরিঘাটের পল্টুন থেকে নদীতে ঝাঁপ দেন তিনি। ওই নারীর নাম লাকী আক্তার। তিনি নলছিটি উপজেলার হাঁড়িখালী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, কয়েক মাস আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় তার। বিচ্ছেদের পর থেকে ৫ বছরের কন্যা শিশুটি তার সঙ্গেই থাকছে। কিন্তু ওই শিশুকে নিজের কাছে রাখা নিয়ে প্রাক্তন স্বামী সাইদুল ইসলাম তাকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করেন। এ নিয়ে বাবা ও প্রাক্তন স্বামীর পরিবারের সঙ্গে দ্বন্দ্ব বেড়ে যায়। এর জেরেই মেয়েকে নিয়ে আত্মহত্যার উদ্দেশ্যে নদীতে ঝাপ দেন লাকি। তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান বলেন, ওই নারী ও তার মেয়ে হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে বাড়ি রয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
কালের সমাজ/এসআর

