বিয়ের মাত্র তিন মাস পর পর্তুগালে নিজের কর্মস্থলে ফিরে গিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিলেটের ওসমানীনগর উপজেলার এক প্রবাসী বাংলাদেশি যুবক। নিহত মো. শামসুল ইসলাম কামরান (২৫) সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের বাসিন্দা এবং মৃত মুতলিব আলীর তৃতীয় ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার স্থানীয় সময় রাত আনুমানিক ৯টার পর পর্তুগালের সেতুবাল জেলার আলমেদা এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন কামরান। দুর্ঘটনার পরপরই তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় আলমেদা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল সাড়ে ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের সদস্যরা জানান, চলতি বছর দেশে এসে বিয়ে করেছিলেন কামরান। বিয়ের মাত্র তিন মাস পর তিনি আবার তাঁর কর্মস্থল পর্তুগালে ফিরে যান। তাঁর এই অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
কালের সমাজ/কে.পি

