ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
৭০ বছরের ইতিহাস

আর্জেন্টিনা কখনো হারেনি সুইজারল্যান্ডের বিপক্ষে

স্পোর্টস ডেস্ক | জুলাই ১১, ২০২৬, ১০:৩২ পিএম আর্জেন্টিনা কখনো হারেনি সুইজারল্যান্ডের বিপক্ষে

২০২৬ ফিফা বিশ্বকাপের শুরুটা যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামেই করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালেও সেই ভেন্যুতেই ফিরছে আলবিসেলেস্তেরা, যেখানে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

ইতিহাস অবশ্য এই লড়াইয়ে আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। কারণ, সুইসদের বিপক্ষে এখন পর্যন্ত কোনো ম্যাচেই হারেনি তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে এখন পর্যন্ত হয়েছে সাতটি ম্যাচ। এর মধ্যে দুটি ছিল বিশ্বকাপে—১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপের গ্রুপ পর্ব এবং ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে।

সাত দেখায় পাঁচটিতে জয় পেয়েছে আর্জেন্টিনা, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। ৭০ বছর আগে ১৯৬৬ সালের বিশ্বকাপের গ্রুপ পর্বে সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। আর সর্বশেষ ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে ১-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল আলবিসেলেস্তেরা।

সেই ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। অতিরিক্ত সময়ের ১১৮তম মিনিটে লিওনেল মেসির বাড়িয়ে দেওয়া পাস থেকে গোল করে আর্জেন্টিনাকে জয় এনে দেন আনহেল ডি মারিয়া।

এবারের আসরে ডি মারিয়া না থাকলেও আছেন অধিনায়ক মেসি। রাউন্ড অব সিক্সটিনে মিসরের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে কোয়ার্টার ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

এদিকে ২০১৪ সালের সেই স্মরণীয় ম্যাচের তিন ফুটবলার আবারও মুখোমুখি হতে যাচ্ছেন। তারা হলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, সুইজারল্যান্ডের অধিনায়ক গ্রানিত জাকা এবং অভিজ্ঞ ডিফেন্ডার রিকার্ডো রদ্রিগেজ।

এবারও কি ইতিহাসের ধারাবাহিকতা ধরে রাখতে পারবে আর্জেন্টিনা, নাকি প্রথমবারের মতো জয় তুলে নিয়ে নতুন ইতিহাস গড়বে সুইজারল্যান্ড—সেই উত্তর মিলবে অ্যারোহেড স্টেডিয়ামের লড়াইয়ে।

কালের সমাজ/এসআর

Link copied!