ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনাল স্পেন

স্পোর্টস ডেস্ক | জুলাই ১১, ২০২৬, ১২:০৩ পিএম বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনাল স্পেন

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দারুণ লড়াইয়ের পর শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। পুরো ম্যাচজুড়েই আক্রমণাত্মক ফুটবল খেললেও জয়ের জন্য শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে লা রোজাদের।

লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত ১-১ সমতায় ছিল দুই দল। তবে ম্যাচের অন্তিম সময়ে বদলি খেলোয়াড় মিকেল মেরিনোর গোলে নাটকীয় জয় নিশ্চিত করে স্পেন। ফলে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে রোমেলু লুকাকুর বেলজিয়ামকে।

২০১০ সালে বিশ্বকাপ শিরোপা জয়ের পর এই প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠল স্পেন।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্পেন। প্রথমার্ধে ফাবিয়ান রুইজের গোলে এগিয়ে যায় তারা। তবে বেশিক্ষণ সেই ব্যবধান ধরে রাখতে পারেনি। চার্লস ডি কেটেলায়েরের গোলে সমতায় ফেরে বেলজিয়াম, ফলে বিরতিতে যায় ১-১ সমতা নিয়ে।

বিরতির পর আরও জমে ওঠে লড়াই। দুই দলই একের পর এক আক্রমণ চালিয়ে গোলের সুযোগ তৈরি করে। বেলজিয়ামের হয়ে ম্যাক্সিম ডি কুইপার ও কেভিন ডি ব্রুইনে স্পেনের রক্ষণভাগে চাপ সৃষ্টি করলেও শেষ পর্যন্ত গোল আদায় করতে পারেননি।

অন্যদিকে লামিন ইয়ামাল ও মিকেল ওয়ারইয়াসাবালের আক্রমণে বারবার পরীক্ষায় পড়তে হয় বেলজিয়ামের গোলরক্ষকদের। প্রথমে থিবো কুর্তোয়া এবং পরে চোটের কারণে তার বদলি হিসেবে নামা সেনে ল্যামেন্স কয়েকটি দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন।

তবে শেষ পর্যন্ত স্পেনের চাপ সামলাতে পারেনি বেলজিয়াম। বদলি হিসেবে মাঠে নেমে মাত্র ১ মিনিট ৫৭ সেকেন্ডের মধ্যেই ম্যাচের ভাগ্য বদলে দেন মিকেল মেরিনো। পাও কুবারসির শট ল্যামেন্স ঠেকাতে পারলেও ফিরতি বল দখলে নিয়ে কাছ থেকে জালে জড়িয়ে দেন মেরিনো। তাতেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।

শেষ কয়েক মিনিটে শক্ত রক্ষণ গড়ে লিড অক্ষুণ্ন রাখে স্প্যানিশরা। শেষ বাঁশি বাজতেই নিশ্চিত হয় তাদের সেমিফাইনালের টিকিট, আর বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায় বেলজিয়ামের।

সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ টানা দুই বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স। ইউরোপের দুই পরাশক্তির এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। ১৬ বছর পর আবারও বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে স্পেন।

কালের সমাজ/এসআর 

Link copied!