ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

পাকিস্তানের আজাদ কাশ্মীর দখলের ডাক শুভেন্দুর

কালের সমাজ ডেস্ক | আগস্ট ২৯, ২০২৬, ০২:৪৪ পিএম পাকিস্তানের আজাদ কাশ্মীর দখলের ডাক শুভেন্দুর

পাকিস্তানের আজাদ কাশ্মীর দখলের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত শুক্রবার (২৮ আগস্ট) কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

তিনি বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলা ‘হুমকির সংস্কৃতি’ অবসান ঘটানোর সময় এসেছে। একই সঙ্গে ক্যাম্পাসের ভেতরে ও বাইরে জাতীয়তাবাদ পুনরুজ্জীবিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

‘অপারেশন সিঁদুরের’ বিরুদ্ধে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলের কড়া সমালোচনা করে শুভেন্দু বলেন, কাশ্মীর বা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্লোগান দেয়ার আগে শিক্ষার্থীদের পাকিস্তানের আজাদ কাশ্মীরের স্বাধীনতা দাবি করা উচিত।

তার ভাষায়, ‘আপনারা কি কাশ্মীর মাঙ্গে আজাদি বা ফ্রি প্যালেস্টাইনের মতো স্লোগান দিচ্ছেন? কেন? ফিলিস্তিন নিয়ে কথা বলার আগে লিখুন ফ্রি পিওকে (আজাদ কাশ্মীর)... মনে রাখবেন, আমরা অবশ্যই ওই কাশ্মীর ফেরত নেব।’

গত সপ্তাহে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিজেপিপন্থি ছাত্র সংগঠন এবিভিপি ও বামপন্থি ছাত্রসংগঠন এসএফআই-এর মধ্যে সংঘর্ষের পর সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি হুমকির সংস্কৃতি বিরাজ করছে। এখন এটি শেষ করার সময় এসেছে।’

পশ্চিমবঙ্গে আগের তৃণমূল ও বাম সরকারের বিরুদ্ধে ‘জাতীয়তাবাদ’ এবং রাজ্যের ঐতিহ্যকে অবমূল্যায়নের অভিযোগ তোলেন শুভেন্দু। তার দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে কমিউনিস্টদের দ্বারা প্রভাবিত ছিল। শিক্ষার্থীদের স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, ভারতীয় ও বাঙালি ঐতিহ্য এবং দেশের সাংস্কৃতিক ঐতিহ্য থেকে দূরে সরিয়ে রেখেছিল তারা।

তিনি আরও দাবি করেন, ‘তাদের বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি কখনও খুঁজে পাওয়া যাবে না।’

Link copied!