নোয়াখালীর সেনবাগে মাদক কারবারিদের হামলায় আরাফাত হোসেন ফাহিম (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্র নির্মমভাবে নিহত হয়েছে। ১০ জুন রাতে উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এ সময় মাদক কারবারিদের ছুরিকাঘাতে স্থানীয় আরও ৪ জন আহত হন।
বুধবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর গ্রামের আঞ্জু মিয়াজী বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ফাহিম বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে এবং স্থানীয় পৌর হাজীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে বেড়াতে এসেছিল সেনবাগে তার নানাবাড়িতে।
স্থানীয় সূত্র ও স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আঞ্জু মিয়াজী বাড়ির উঠান ও চলাচলের পথ ব্যবহার করে প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছিল হারুন ও তার সহযোগীরা। ঘটনার দিন সন্ধ্যায় ওই এলাকায় বসে মাদক সেবন করছিল তারা। এ সময় স্থানীয় লোকজন তাদের বাধা দিলে মাদক কারবারিরা সেখান থেকে সরে যায়।
তবে কিছুক্ষণ পর রাত সাড়ে ৯টার দিকে হারুন, মমিন ও জাহাঙ্গীরের নেতৃত্বে একদল মাদক সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে বাড়িটিতে অতর্কিত হামলা চালায়। হামলার মুখে বাড়ির লোকজন প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষের সৃষ্টি হয়। একপর্যায়ে অন্ধকারের সুযোগ নিয়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ফাহিম, শাকিব, রিফাত এবং হামলাকারী হারুনসহ অন্তত পাঁচজন আহত হন।
গুরুতর আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত অবস্থায় হারুনকে আটক করা হয়েছে। সেনবাগ থানার দারোগা শিমুল স্কুলছাত্র ফাহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক কারবারিদের হামলায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কালের সমাজ/এএইচবি

