ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
ভারত-বাংলাদেশ সিরিজ

সরকারি অনুমতির অপেক্ষায় দুই ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক | জুলাই ২৭, ২০২৬, ০২:০৩ পিএম সরকারি অনুমতির অপেক্ষায় দুই ক্রিকেট বোর্ড

প্রায় এক বছর ধরে চলা অনিশ্চয়তার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী সেপ্টেম্বরের শুরুতে ভারতের বাংলাদেশ সফর আয়োজনের লক্ষ্যে দুই বোর্ড ইতোমধ্যে সম্ভাব্য সূচি নিয়ে কাজ করছে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সফরের জন্য সময় বের করতে আফগানিস্তানের বিপক্ষে দিল্লিতে নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বিসিসিআই। তবে এই সফরের চূড়ান্ত অনুমোদন নির্ভর করছে ভারত সরকারের সম্মতির ওপর। সরকার সবুজ সংকেত দিলেই যাতে দ্রুত সিরিজ আয়োজন করা যায়, সে প্রস্তুতি আগেভাগেই সম্পন্ন রাখতে চাইছে দুই বোর্ড।

২০২৪ সালে সরকার পতনের পর ভারত ও বাংলাদেশের সম্পর্ক টানাপোড়েন শুরু হয়। পরবর্তীতে অন্তবর্তী সরকার সেই সম্পর্ক ভালো অবস্থানে নিয়ে যেতে পারেনি। উল্টো মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর থেকে দুই বোর্ডের সম্পর্কে আরও দূরত্ব বেড়ে যায়।

বাংলাদেশ পরবর্তীতে ভারতে বিশ্বকাপও খেলতে যায়নি নিরাপত্তা ইস্যুতে। যা দুই দেশের ক্রিকেট সম্পর্কে ফাটল সৃষ্টি করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরকারের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। ক্রিকেটারদের কথাও শুনেনি। সব মিলিয়ে সরকারের সিদ্ধান্ত মেনে নিতে একপ্রকার বাধ্য হয়ে ছিল বিসিবি। নতুন সরকার পেছন্দের তিক্ততা ভুলে সম্পর্ক উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে।

টাইমস অব ইন্ডিয়ার দাবি, সম্ভাব্য ভারত সফরের কথা মাথায় রেখে বিসিবি পহেলা সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ভেন্যুগুলো প্রস্তুত রেখেছে। ভারতের সুবিধা অনুযায়ী একাধিক সূচির প্রস্তাবও দেওয়া হয়েছে।

বিসিবির বছরের শুরুতে দেয়া সূচি অনুযায়ী, এ বছরের ২৮ সেপ্টেম্বর ভারত বাংলাদেশে আসবে। তিন ওয়ানডে হবে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। তিন টি-টোয়েন্টি ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর। ওয়ানডে সিরিজ হওয়ার কথা ঢাকায়। টি-টোয়েন্টি চট্টগ্রামে।

শ্রীলঙ্কা সফরে ভারতের টেস্ট সিরিজ শেষ হওয়ার কথা ২৭ আগস্ট। আর আফগানিস্তান সিরিজ পিছিয়ে গেলে সেপ্টেম্বরে প্রায় দুই সপ্তাহের একটি ফাঁকা সময় তৈরি হবে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি ১৩ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা ছিল। এ কারণে আফগানিস্তান সিরিজের বিষয়ে ভারতীয় নির্বাচকদের জানানো হলেও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এদিকে বিসিবি থেকে জানা গেছে, এক ভেন্যুতেই পুরো সিরিজ আয়োজনের প্রস্তাবেও রাজি রয়েছে বাংলাদেশ। যদিও বিসিবির পছন্দ, তিনটি টি-টোয়েন্টি একটি ভেন্যুতে এবং তিনটি ওয়ানডে অন্য ভেন্যুতে আয়োজন করা। এ ক্ষেত্রে প্রস্তাবিত সূচি অনুযায়ী ঢাকা ও চট্টগ্রামই সবচেয়ে সম্ভাব্য ভেন্যু। তবে প্রয়োজনে সব ম্যাচ একটিতে আয়োজনের বিকল্পও বিবেচনায় রয়েছে। আবার একটি ফরম্যাটের সিরিজ আয়োজনের কথাও আলোচনায় উঠেছে।  

সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত আইসিসির সভার ফাঁকে দুই বোর্ডের কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে। তবে বাংলাদেশ সফরটি শেষ পর্যন্ত ভারত সরকারের অনুমোদনের ওপরই নির্ভর করছে।

কালের সমাজ/এসআর

Link copied!