ঢাকা শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
সীমান্তে অপরাধ দমনে কঠোর ১৪ বিজিবি

ধামইরহাটে চোরাচালান বিরোধী অভিযানে বড় সাফল্য

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি | মার্চ ২০, ২০২৬, ০৯:১৪ পিএম ধামইরহাটে চোরাচালান বিরোধী অভিযানে বড় সাফল্য

নওগাঁর ধামইরহাট সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

শুক্রবার (২০ মার্চ ২০২৬) ভোরে উপজেলার মাহিসন্তষ এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর আনুমানিক ০৪:৩০মিঃ ঘটিকায় বস্তাবর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ আহসান হাবিবের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালায়। সীমান্ত পিলার ২৬১/৫-এস হতে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন আলমপুর ইউনিয়নের মাহিসন্তষ প্রাথমিক বিদ্যালয় মাঠ এলাকায় এই তৎপরতা চালানো হয়।

​অভিযান চলাকালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯৯৯ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত এই মাদকের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।

​পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আবদুল্লাহ আল মামুন  জানান, আটককৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

​তিনি আরও উল্লেখ করেন যে, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার রোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল প্রকার অপরাধ ও মাদক চোরাচালান দমনে ১৪ বিজিবি’র এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

কালের সমাজ/এসআর

Link copied!