নরসিংদীর বেলাবতে দেশের বিভিন্ন স্থানের মতো সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার (২০ মার্চ ২০২৬) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
আরব দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় ও উৎসব পালন করেন।
জানা যায়, মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা দীর্ঘ আড়াইশ বছরেরও বেশি সময় ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশ সময় একদিন আগেই ঈদ উদযাপনের এই প্রথা অনুসরণ করে আসছেন। এরই ধারাবাহিকতায় নরসিংদীর বেলাব উপজেলার আব্দুল্লাহনগরেও একই দিনে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
এই ঈদগাহে বেলাব উপজেলা ছাড়াও বাজিতপুর, কুলিয়ারচর, মনোহরদী, কঠিয়াদি, চালাকচর ও গাজীপুরের কাপাসিয়া এলাকার বহু মানুষ পবিত্র ঈদের সালাত আদায় করতে আব্দুল্লাহনগরে সমবেত হন।
মির্জাখিল দরবার শরীফ ও আব্দুল্লাহনগর খানকায়ে জাহাগিরিয়ার খাদেম সামসুল আলম কাজল জানান, শুক্রবার সকাল ১০টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ জহিরুল আলম জাহেরী। নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
তিনি আরও বলেন, প্রায় দুই শতাধিক বছর ধরে দরবার শরীফের অনুসারীরা হানাফি মাজহাবের আলোকে নির্ধারিত নিয়ম অনুযায়ী ঈদুল ফিতর উদযাপন করে আসছেন। ধর্মীয় এই ঐতিহ্যকে ঘিরে প্রতিবছরই এলাকাগুলোতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এদিকে, একই দিনে পৃথকভাবে ঈদ উদযাপনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে ছিল বলে জানা গেছে।
কালের সমাজ/এসআর

