ঢাকা রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

ট্রেন দুর্ঘটনা: গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি

জেলা প্রতিনিধি, কুমিল্লা | মার্চ ২২, ২০২৬, ১২:১৬ পিএম ট্রেন দুর্ঘটনা: গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় দায়ে দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে।

আজ রোববার সকাল ৮টার দিকে রেলওয়ে চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

দুর্ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। সকালে ঘটনাস্থলে রিলিফ ট্রেন পৌঁছে দুর্ঘটনাকবলিত ঢাকা মেইল ট্রেনটি উদ্ধার করে এবং রেললাইনে আটকে থাকা বাস সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল পুনরায় চালু করা হয়।

বরখাস্ত হওয়া গেটম্যানরা হলেন মেহেদী হাসান ও হেলাল উদ্দিন। এ বিষয়ে মোস্তাফিজুর রহমান বলেন, “প্রাথমিক অনুসন্ধানে গেটম্যানের সঙ্গে ট্রেনের যোগাযোগ বিচ্ছিন্নতাকে কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই পদুয়ার বাজার রেলক্রসিংয়ে কর্মরত দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। সেখানে নতুন করে গেটম্যান দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমরা দুর্ঘটনার সঠিক কারণ বের করতে দুটি তদন্ত কমিটি গঠন করেছি। একটি বিভাগীয় এবং অপরটি আঞ্চলিক। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।” একই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাফর সাদিক চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত পাঁচ সদস্যের এ কমিটিতে আরও রয়েছেন কুমিল্লা বিআরটিএর সহকারী পরিচালক ফারুক আলম, ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মমিন, কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার এবং ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ইকবাল হোসেন।

 

Link copied!