ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কফাই বালিয়া আশ্রয়ন প্রকল্প এলাকায় একটি সরকারি খেলার মাঠের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় যুবসমাজ।
শনিবার (২০ জুন) বিকেলে আশ্রয়ন প্রকল্প সংলগ্ন সরকারি খালি জায়গায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার যুবক, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কফাই বালিয়া গ্রামে কোনো ফুটবল খেলার মাঠ নেই। ফলে শিশু-কিশোর ও তরুণরা নিয়মিত খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। অনেকেই অবসর সময় সঠিকভাবে কাজে লাগাতে না পেরে বিভিন্ন সামাজিক অপরাধ ও মাদকের ঝুঁকিতে পড়ছে।
তারা দাবি করেন, আশ্রয়ন প্রকল্পের পাশে সরকারি খালি জায়গা দখলমুক্ত করে এবং পুকুর পুনর্বিন্যাসের মাধ্যমে সেখানে একটি আধুনিক ফুটবল খেলার মাঠ নির্মাণ করা হোক। এতে নতুন প্রজন্ম খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
স্থানীয় যুবকদের ভাষ্য, একটি খেলার মাঠ শুধু বিনোদনের জায়গা নয়, এটি মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে দ্রুত মাঠ নির্মাণের দাবি জানান তারা।
কালের সমাজ/কে.পি

