চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলার অন্যতম মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত মো. আইয়ুবকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (২১ জুন) ভোরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দুর্গম দুরছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর এলাকার বাসিন্দা মো. আইয়ুব দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি দল ভোর ৬টার দিকে অভিযান চালিয়ে তার ভগ্নিপতি শাহ আলমের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। পরে র্যাব তাকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য চট্টগ্রামে নিয়ে আসে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, গত কিছুদিন আগে চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজার এলাকায় যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। বহুল আলোচিত ওই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অস্ত্রধারীদের নেপথ্য পরিকল্পনাকারী হিসেবে মো. আইয়ুবের নাম উঠে আসে। এরপর থেকেই তাকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, র্যাবের একটি বিশেষ দল বাঘাইছড়ির দুর্গম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
প্রসঙ্গত, গত ১৩ জুন দুপুর দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে একটি ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন মাসুদ। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে পাঁচজন অস্ত্রধারী সেখানে আসে। তাদের দুজনের হাতে শর্টগান ও তিনজনের হাতে পিস্তল ছিল। ঘটনাস্থলে পৌঁছে তারা মাসুদকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
কালের সমাজ/এসআর

