ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক | জুন ২১, ২০২৬, ০৬:৩৭ পিএম কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ বাংলাদেশি
সংগৃহীত ছবি

কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ বাংলাদেশি। মৃত ব্যক্তিদের মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক। স্থানীয় সময় শনিবার সকালে দেশটির শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রবাসীরা হলেন,  সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার কাদের আহমদ, আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ এবং একই গ্রামের জুবায়ের আহমদ।

বাংলাদেশিদের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী মো. নুরুল হক।  রোববার এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে অবদান রাখা আমাদের এই রেমিট্যান্স যোদ্ধাদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ প্রদানের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে কাতার দূতাবাসের শ্রম উইংকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এই সংকটাপন্ন মুহূর্তে সরকার নিহতের পরিবারগুলোর পাশে রয়েছে।

পাঁচজন একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই ছয়জন প্রাণ হারান। নিহত অপর ব্যক্তি ভারতীয় নাগরিক। নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক বলেন, দূতাবাসের সঙ্গে সমন্বয় করে পাঁচ প্রবাসরি মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। 

কালের সমাজ/এএইচবি 
 

Link copied!