ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

মরিশাসে কাচের বাক্স চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিক নিহত

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ৬, ২০২৬, ০২:০৩ পিএম মরিশাসে কাচের বাক্স চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিক নিহত

ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলের প্লেইন-দে-পাপাই এলাকার মস্ক রোডে একটি প্রতিষ্ঠানের চত্বরে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন শ্রমিক হলেন—মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)। তারা সবাই প্লেইন-দে-পাপাই এলাকায় অবস্থিত একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

মরিশাসের সংবাদমাধ্যম ডেফি মিডিয়া ও লেক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। এ সময় শ্রমিকেরা একটি কন্টেইনার থেকে কাচের প্যানেলভর্তি কাঠের বাক্স নামানোর কাজ করছিলেন। হঠাৎ বাক্সগুলো তাদের ওপর পড়ে গেলে চাপা পড়ে তিনজনের মৃত্যু হয়।

ডেফি মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কাঠের বাক্সগুলোর প্রতিটি ছিল আট ফুট লম্বা ও ছয় ফুট চওড়া। সেগুলোর ভেতরে ছয় মিলিমিটার পুরুত্বের বেশ কয়েকটি কাচের প্যানেল ছিল। দুর্ঘটনায় তিন শ্রমিকই কন্টেইনারের ভেতরে চাপা পড়েন। তাদের মৃত্যুর বিষয়টি ঘটনাস্থলেই নিশ্চিত করা হয়।

খবর পেয়ে প্লেইন-দে-পাপাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। বাক্সের নিচে আটকে থাকা তিন শ্রমিকের মরদেহ উদ্ধারে তাঁদের সহায়তা নিতে হয়।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দেশটির শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তের উদ্যোগ নিয়েছেন। কর্মক্ষেত্রে নিরাপত্তাবিধি যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না এবং শ্রমিকদের প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্ঘটনায় নিহত শ্রমিকদের স্বজনদের ক্ষতিপূরণ দিতে হবে সংশ্লিষ্ট নিয়োগকর্তাকে। পরিবারের সদস্যরা চাইলে মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যয়ও বহন করতে হবে তাকে।

কালের সমাজ/এসআর

Link copied!