ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ ইয়াছিন পালোয়ান, ফরিদগঞ্জ (চাঁদপুর) | নভেম্বর ৬, ২০২৬, ০৫:৫৫ পিএম ফরিদগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎চাঁদপুরের ফরিদগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টায় ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৮২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
 

‎উপজেলাব্যাপী সব শিক্ষার্থীর জন্য একটি মাত্র কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষা চলাকালে কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের ফরিদগঞ্জ উপজেলা উপদেষ্টা মাওলানা মো. ইউনুস হেলাল।
‎পরীক্ষা কেন্দ্রের পরিচালকের দায়িত্বে ছিলেন মো. মাহবুব আলম এবং সহকারী কেন্দ্র পরিচালক ছিলেন হাফেজ মো. মুজাহিদুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের ফরিদগঞ্জ উপজেলা আহ্বায়ক মো. সাকিব হোসেন, উপজেলা সদস্য সচিব,  আব্দুল আজিজ সিহাব, সহকারী সদস্যসচিব আব্দুল মালেক, নাছিরুল ইসলাম, মো. মেজবাহউলসহ সংশ্লিষ্ট দায়িত্বশীলরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন ফরিদগঞ্জ থানা পুলিশের সদস্যরা।
 

‎আয়োজক সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন স্থানে কয়েকটি ধাপে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপে কয়েকটি স্থানে পরীক্ষা আয়োজনের পর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার ফরিদগঞ্জসহ দেশের আরও কয়েকটি উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয়।
‎উল্লেখ্য, শিশু-কিশোরদের মেধা ও মননের বিকাশ, নৈতিক মূল্যবোধ সৃষ্টি এবং সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। ১৯৮৪ সালে কিশোরকণ্ঠ নামে শিশু-কিশোরদের মাসিক পত্রিকার যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে শিশু-কিশোরদের শিক্ষা, সাহিত্য ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্দেশ্যে ২০০২ সালে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সরকারি নিবন্ধন লাভ করে। প্রতিষ্ঠানটি সাহিত্যচর্চা, পাঠক ফোরাম গঠন, মেধাবীদের স্বীকৃতি প্রদান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, ক্রীড়া ও বিভিন্ন প্রতিযোগিতামূলক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, মনন ও নৈতিক বিকাশে ভূমিকা রেখে চলেছে।
 

‎আয়োজকদের মতে, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ, আত্মবিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়ক। পাশাপাশি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরেও জ্ঞানচর্চায় উৎসাহিত করে। পরীক্ষা ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ‎পরীক্ষা শেষে আয়োজকরা জানান, উত্তরপত্র মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করে নির্ধারিত সময়ে ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের নিজস্ব অনলাইন প্ল্যাটফর্ম ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

কালের সমাজ/কে.পি

Link copied!