ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

মোংলা বন্দরের স্বার্থে মালিক-শ্রমিককে একসঙ্গে কাজ করতে হবে: নৌপরিবহনমন্ত্রী

জেলা প্রতিনিধি, বাগেরহাট | নভেম্বর ৬, ২০২৬, ১০:১৯ পিএম মোংলা বন্দরের স্বার্থে মালিক-শ্রমিককে একসঙ্গে কাজ করতে হবে: নৌপরিবহনমন্ত্রী

বাগেরহাটের মোংলা বন্দরের উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় অর্থনীতিতে এর অবদান আরও জোরদার করতে মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক, পারস্পরিক আস্থা ও ঐক্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ, সেতু, রেলপথ ও নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম, এমপি। তিনি বলেছেন, মালিক ও শ্রমিক একে অপরের পরিপূরক। দেশের ও মোংলা বন্দরের বৃহত্তর স্বার্থে ছোটখাটো মতপার্থক্য ভুলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (রেজি. নং-১৯৫৭) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোংলা বন্দর কর্তৃপক্ষের আয়োজনে বন্দরের জেটিতে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নৌপরিবহনমন্ত্রী বলেন, শ্রমিকরা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি। শ্রমিকদের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শ্রমিক সংগঠন ও সিবিএকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি যোগ্য নেতৃত্ব গঠনে ভূমিকা রাখতে হবে। মোংলা বন্দরকে দক্ষিণাঞ্চলের অন্যতম অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের নেওয়া উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল আলম (মনা)। এ ছাড়া সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শ্রমিক নেতৃবৃন্দ, আমদানি-রপ্তানিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতা ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সকাল ১১টায় প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি ট্রাফিক ম্যানেজার মো. সোহাগ শুভেচ্ছা বক্তব্য দেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, সাবেক মেয়র ও মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলীও বক্তব্য রাখেন।

পরে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শেখ মামুনুর রহমান। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত প্রতিনিধিদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এবং তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেন, শ্রমিকরাই দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে সরকার কাজ করছে। নবনির্বাচিত কমিটি মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে বন্দরের উন্নয়ন ও অগ্রগতিতে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম ও বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা জেটির প্রবেশদ্বারের কাছে দুটি বৃক্ষরোপণ করেন। পরে দেশ ও জাতির সার্বিক উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
কালের সমাজ/কে.পি

Link copied!