লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমদ ভুইয়া একাডেমি আবাসিক হলের ছাত্র মেহেদী হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
২১ জুন শনিবার দুপুরে রামগঞ্জ- সোনাপুর প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ রাখেন। অবরোধের কারণে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।
এ সময় তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবির জানান। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আবাসিক হলে থাকা অবস্থায় মেহেদীর মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনার দাবী তাদের। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রশাসনের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে অবরোধ প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য, গত ১৬ জুন রাতে রামগঞ্জের ফরিদ আহমদ ভুইয়া একাডেমি আবাসিক হলের অষ্টম শ্রেণির ছাত্র মেহেদীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এইঘটনায় ১৮ইজুন নিহতের পিতা বাদী হয়ে রামগঞ্জ থানায় ৭ জন শিক্ষার্থী ও অধ্যক্ষসহ ৮ জনের নামে হত্যা মামলা দায়ের করেন।
কালের সমাজ/কে.পি

