ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

বজ্রপাতে বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতে আগুন

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৫:৩৪ পিএম বজ্রপাতে বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতে আগুন

সিরাজগঞ্জ সদর উপজেলার হোসেনপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর বাড়ির গেটের পাশে গ্যাসের লাইনের রাইজারে বজ্রপাতের কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় পাঁচ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে হোসেনপুরে মন্ত্রীর বাড়ির গেটসংলগ্ন গ্যাসের রাইজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর সিরাজগঞ্জ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

ফায়ার সার্ভিসের সদস্যরা মাত্র দুই মিনিটের মধ্যে, দুপুর ১টা ১৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। পরে দুপুর ১টা ২৩ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, বজ্রপাত থেকেই গ্যাসের লাইনের রাইজারে আগুনের সূত্রপাত হয়। এতে আনুমানিক দুই হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রায় দুই লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

মন্ত্রীর বাড়ির নিরাপত্তাকর্মী মো. শফিকুল ইসলাম প্রথমে আগুনের বিষয়টি দেখতে পান এবং বিভিন্ন জায়গায় খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ট্রিপল নাইনসহ সংশ্লিষ্ট নম্বরে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, বজ্রপাতের কারণে গ্যাসের লাইনের রাইজারে আগুন ধরে যায়। খবর পাওয়ার পর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

কালের সমাজ/কে.পি
 

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!