ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ (৮/৯/২৬) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস- ২০২৬ পালিত হইছে। এবারের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের স্লোগান ছিল-“শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর সাক্ষরতাই আলোকিত সমাজ গঠনের প্রথম সোপান। নবীনগর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে র্যালি দিবসটির গুরুত্ব ও তাৎপর্যকে আরও প্রাণবন্ত করে তোলে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব রাকিবুল ইসলাম। সভায় শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তারা বলেন- সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার নাম নয়- সাক্ষরতা মানুষকে সচেতন করে, চিন্তার শক্তি দেয় এবং একটি জাতিকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। একটি শিক্ষিত, মানবিক ও উন্নত সমাজ গঠনে প্রত্যেকটি শিশুর জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি সমাজের সর্বস্তরে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে হবে। আজকের এই আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আমাদের অঙ্গীকার হোক- “কেউ থাকবে না শিক্ষার আলো থেকে বঞ্চিত, সবার হাতে পৌঁছে যাবে জ্ঞান ও মানবতার আলো।” আসুন আমরা সবাই মিলে একটি নিরক্ষরতা মুক্ত, শিক্ষিত, সচেতন ও আলোকিত নবীনগর গড়ার প্রত্যয়ে কাজ করি। শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে, সাক্ষরতার শক্তিতে এগিয়ে যাক বাংলাদেশ।
কালের সমাজ/কে.পি

