ঢাকা-চট্টগ্রাম রেলপথে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে এ রুটে ইলেকট্রিক ট্র্যাকশন স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা ও বিস্তারিত নকশা প্রণয়নের কাজ শেষ হয়েছে।
বুধবার (০৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ রুট ঢাকা-চট্টগ্রামের যাতায়াতব্যবস্থা আরও দ্রুত ও আধুনিক করতে সরকার সমন্বিতভাবে কাজ করছে। এর অংশ হিসেবে পুরো রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করা, ঢাকা-কুমিল্লা কর্ডলাইন নির্মাণ এবং ইলেকট্রিক ট্রেন চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম করিডোরে ইলেকট্রিক ট্র্যাকশন স্থাপনের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই ও বিস্তারিত ডিজাইনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
প্রকল্পটি কবে নাগাদ চালু হতে পারে—এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার পর প্রকল্পের বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করা হবে। অর্থায়ন পাওয়া সাপেক্ষে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালানো সম্ভব হবে। এতে ট্রেনের গড় গতি বাড়ার পাশাপাশি যাতায়াতে সময়ও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
কালের সমাজ/কে.পি

