কাঞ্চননগরে মাদকবিরোধী র্যালি ও সুধী সমাবেশ | পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান
নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। তিনি বলেছেন, অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল সোমবার ফটিকছড়ির কাঞ্চননগরে ফটিকছড়ি থানার উদ্যোগে আয়োজিত মাদক ও সন্ত্রাসবিরোধী র্যালি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ সুপার।
র্যালিতে পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে অনুষ্ঠিত সুধী সমাবেশে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশ সুপার বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের অভিযান কোনোভাবেই থামবে না। অপরাধীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতাও প্রয়োজন।
সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিস্তার ঠেকাতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
কালের সমাজ/কে.পি

