অনলাইনে সেবা গ্রহণে হয়রানির অভিযোগের প্রেক্ষিতে পাবনা জেলা নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৩ জুন) দুপুরে দুদক সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
দুদক সূত্র জানায়, এক সেবাগ্রহীতার লিখিত অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধন—বিশেষ করে নাম ও বয়স পরিবর্তনের ক্ষেত্রে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
অভিযানের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয় এবং অনিয়মের উৎস খতিয়ে দেখা হয়।
সূত্র আরও জানায়, শুধু পাবনাই নয়, দেশের বিভিন্ন জেলা ও উপজেলা নির্বাচন অফিস এবং ইউনিয়ন পরিষদে অনলাইনে সেবা নিতে গিয়ে অনেক নাগরিক হয়রানির শিকার হচ্ছেন। এসব অভিযোগ আমলে নিয়ে তদন্ত অব্যাহত রাখবে দুদক।
দুদক কর্মকর্তারা জানান, জনগণের হয়রানি বন্ধে এবং দুর্নীতি প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
কালের সমাজ//র.ন

