ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২

পারিবারিক বিরোধ আপন খালাতো ভাইকে হত্যা

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ | জানুয়ারি ২৭, ২০২৬, ১১:০০ পিএম পারিবারিক বিরোধ আপন খালাতো ভাইকে হত্যা

পারিবারিক বিরোধ জেরে আপন খালাতো ভাইকে হত্যা
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে দা দিয়ে কুপিয়ে খালাতো ভাইকে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের দক্ষিণ নানশ্রী গোলাপদিয়াহাটি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম বায়েজিদ (২৮)। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের কালিয়ারকান্দা গ্রামের ইব্রাহিমের ছেলে। অভিযুক্তের নাম রাকিবুল হাসান রকি (৩০)। তিনি করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের গোলাপদিয়াহাটি গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে। পেশায় তিনি কাঠমিস্ত্রি এবং দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানায়, পারিবারিক বিরোধ নিষ্পত্তির কথা বলে রাকিবুল হাসান রকি তার খালাতো ভাই বায়েজিদকে নিজ বাড়িতে ডেকে নেন। বসতঘরে বসে কথা কাটাকাটির একপর্যায়ে রকি দা দিয়ে বায়েজিদের গলায় কোপ দেন। এতে গুরুতর আহত হয়ে বায়েজিদ ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে পেছন দিক থেকে তাকে আবারও কোপ দেওয়া হয়। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত রকি।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বায়েজিদকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. আলম জানান, অভিযুক্ত রকি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং পারিবারিক কলহ নিয়ে মানসিকভাবে হতাশায় ভুগছিলেন।

করিমগঞ্জ থানার ওসি এমরানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!