জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত এক হত্যাকাণ্ডে ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ (১) আদালতের বিচারক লায়লা গত শারমিন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি শামসুজ্জোহা শাহানশাহ। দণ্ডপ্রাপ্তরা হলেন— কামারখন্দ উপজেলার ময়নাকান্দি গ্রামের আবু সাঈদ, তার স্ত্রী আনোয়ারা বেগম, ছেলে মনির হোসেন, একই গ্রামের সাহেব উদ্দিন, সোহেল রানা, শাহজাহান মণ্ডল, শফিকুল ইসলাম, এরশাদ শেখ, রমজান আলী ও আবুল কালাম আজাদ। রায় ঘোষণার সময় ছয় আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি চারজন পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালে কামারখন্দ উপজেলার ময়নাকান্দি গ্রামের বাসিন্দা বদিউজ্জামান নিজ গ্রামের আলমের কাছ থেকে তিন শতক জমি ক্রয় করেন। কিন্তু প্রতিবেশী আবু সাঈদ ওই জমিতে ঘর নির্মাণ করে দখলে নেন। জমি ছেড়ে দেওয়ার জন্য বলা হলে আসামিরা বদিউজ্জামানকে হত্যার হুমকি দেন।
পরবর্তীতে জমি দখল বুঝে নিতে গেলে আসামিদের সঙ্গে বদিউজ্জামানের বিরোধ আরও তীব্র হয়। এ ছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়েও উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
এ অবস্থায় ২০১১ সালের ২৪ জুন সকালে জমির কাগজপত্র নিয়ে আইনজীবীর কাছে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন বদিউজ্জামান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরদিন ২৫ জুন সকালে ময়নাকান্দি এলাকার একটি ক্ষেত থেকে বদিউজ্জামানের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের স্ত্রী রতনা বেগম ওরফে সুফিয়া বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।


আপনার মতামত লিখুন :