ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

ডিবি ও পুলিশের অভিযানে জাল নোটসহ আটক ১১

নিজস্ব প্রতিবেদক | আগস্ট ২৭, ২০২৬, ১১:০১ এএম ডিবি ও পুলিশের অভিযানে জাল নোটসহ আটক ১১

বাগেরহাট জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ৩১৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, ৪ লিটার চোলাই মদ, ৫৫টি দেশীয় ছুরি এবং ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ১১ জনকে আটক করা হয়েছে। 

বুধবার (২৬ আগস্ট) দিনভর বাগেরহাট সদর পৌরসভার নাগেরবাজার ও রণ বিজয়পুর এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে. অভিযানের শুরুতে নাগেরবাজারে প্রবেশ ও বের হওয়ার বিভিন্ন সড়ক নিয়ন্ত্রণে নেয়া হয়। পরে সন্দেহভাজন ব্যক্তিদের বসতঘরে তল্লাশি চালানো হয়। অভিযানে সাতজন পুরুষ ও একজন নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩১৫ পিস ইয়াবা, ১৪০ পুরিয়া গাঁজা, যার ওজন ২০০ গ্রাম, ৪ লিটার চোলাই মদ এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ৫৫টি ছুরি উদ্ধার করা হয়। এদের মধ্যে নাগেরবাজারের বিষ্ণু রবি দাস (৩৫), পল্টু রবি দাস (৩৫), জয় রবি দাস (২৫), কৃষ্ণনগরের মো. রিফাত (২৪), সাবেকডাঙ্গার সিরাজ (২০), খেগরাঘাটের বিপ্লব মিস্ত্রী (৩৬), কচুয়া পট্টির নিমাই সাহা (৪০) এবং নাগেরবাজার এলাকার পলি (৪৫)।

অন্যদিকে, জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে বাগেরহাট সদর উপজেলার রণ বিজয়পুর এলাকায় পুরানো দরগার মোড় থেকে ১০ টাকার নোটের ৯০ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে আটক  করা হয়।

আটককৃতরা হল, পিরোজপুরের নাজিরপুর উপজেলার রুহিতলাবুনিয়ার মো. আকলাস ভূঁইয়া (৫৫), বুড়িখালীর আশিকুর রহমান মোল্লা (২৩) ও মো. শিবলু ফকির (২৪)।

পুলিশ জানায়, জাল টাকা তৈরির পাশাপাশি বিভিন্ন ধরনের অনলাইন প্রতারণা ও মানি ফ্রডের সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধেও অভিযান চালানো হচ্ছে। মোবাইল ফোনের অ্যাকাউন্ট হ্যাক, টেলিগ্রাম ও ইমোর মাধ্যমে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়া চক্রের বিরুদ্ধেও তদন্ত চলছে। এ সময় বিভিন্ন সিম ও অ্যাপসহ প্রতারণা চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, সকাল থেকে জেলা পুলিশের কয়েকটি টিম নাগেরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। প্রথমে নাগেরবাজারে প্রবেশ ও বের হওয়ার রাস্তা বন্ধ করে দেয়া হয়। পরে বিভিন্ন ঘরে তল্লাশি চালিয়ে ৩১৫ পিস ইয়াবা, ১৪০ পুরিয়া গাঁজা ও ৫৫টি ছুরি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, অন্য একটি অভিযানে জাল টাকা ও মানি ফ্রডের সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৯০ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন ধরনের সিম ও অ্যাপও জব্দ করা হয়েছে। মাদক, জাল টাকা ও প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

কালের সমাজ/এসআর

Link copied!